রমনায় ছায়ানটের বর্ষবরণ ছাড়া আর কোনো অনুষ্ঠান নয়
ছায়ানটের বর্ষবরণ ছাড়া রমনা পার্কে আর কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে আজ বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের ফলে রমনা পার্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে অনেক দুর্লভ বৃক্ষ ও তরুলতা নষ্ট হয়ে যাচ্ছে এবং পার্ক তার ঐতিহ্য হারাচ্ছে। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে অস্থায়ী ও ভ্রাম্যমাণ হকারদের উপদ্রবে রমনা পার্কের জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধি, ঐতিহ্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ ছাড়া অন্য কোনো সংগঠনকে ওই দিন বা অন্য সময়ে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না।
এর আগে ২৩ ফেব্রুয়ারি রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধি, ঐতিহ্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানিয়ে একটি বেসরকারি সংগঠন এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে রমনা পার্কের ঐতিহ্য ও বর্তমান অবস্থা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। উপস্থাপনা দেখে সেমিনারের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রমনা পার্কে ছায়ানটের বর্ষবরণ ছাড়া সব অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন।