রমনায় শিশু গৃহকর্মী অগ্নিদগ্ধ, হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানা এলাকার এক বাসায় আজ শুক্রবার জবা আক্তার নামের ১০ বছর বয়সী এক গৃহকর্মী অগ্নিদগ্ধ হয়েছে। দুপুরে গৃহকর্তা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জবা রমনার সিদ্ধেশ্বরী এলাকার এক বাসার গৃহকর্মী। আজ দুপুর ১২টার দিকে গৃহকর্তা মেহেদী হাসান তাকে বার্ন ইউনিটে ভর্তি করেন। জানতে চাইলে মেহেদী হাসান বলেন, তাঁর বাসার রান্নাঘরে গৃহকর্মী অগ্নিদগ্ধ হয়েছে। তবে কীভাবে আগুন লাগল, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, যন্ত্রণায় কাতরাচ্ছে জবা। মুখ ফুটে বারবার বলছে, ‘আমি মইরা যামু, আমি মইরা যামু।’
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, জবার পা থেকে মাথা পর্যন্ত দগ্ধ হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার খবর পেয়ে বার্ন ইউনিটে যান রমনা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, গৃহকর্মী তাঁকে বলেছে, সে নিজেই শরীরে আগুন দিয়েছে। তবে কারণ জিজ্ঞেস করার পর সে যন্ত্রণায় চিৎকার শুরু করে। এরপর আর তার সঙ্গে বেশি কথা বলা সম্ভব হয়নি।
গৃহকর্তার বরাত দিয়ে এসআই জানান, মেহেদী হাসানের গ্রামের বাড়ি বগুড়ায়। গৃহকর্মী জবার বাড়িও একই এলাকায়। তিন বছর আগে জবা ওই বাসায় কাজ শুরু করে। কিন্তু মানসিক সমস্যার কারণে তিনি দেড় বছর আগে তাকে বগুড়ায় রেখে আসেন। কিন্তু ছয় মাস আগে বগুড়ায় গেলে তার বাবা-মা আবারও জবাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অনুনয়-বিনয় করেন। ওই সময় থেকে আবারও বাসায় কাজ করা শুরু করে জবা। তবে জবার গায়ে দুর্ঘটনাবশত আগুন লেগেছে, নাকি জবা নিজেই আগুন দিয়েছে—সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
এসআই শরীফ বলেন, ‘আপাতত আমরা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছি। খবর পেয়ে গৃহকর্মীর পরিবার বগুড়া থেকে ঢাকায় রওনা দিয়েছে। ঘটনার আরও তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’