রমনায় শুরু হয়েছে পৌষ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে হাড় কাঁপানো শীত। সে তুলনায় ঢাকায় পৌষ মাসের অমন শীতের দেখা নেই। তা না থাক, মহানগরে পৌষের আয়োজন শুরু হয়েছে উত্সাহ-উদ্দীপনার সঙ্গেই। রমনার বটমূলে বসেছে পৌষ মেলা। গতকাল শুক্রবার সকালে ঢাকঢোলের বাদ্যের সঙ্গে ‘আইল্ল্যা’ জ্বালিয়ে সূচনা হয়েছিল মেলার কার্যক্রম। ‘হে শীতের সূর্য, দাও শূন্যতারে পূর্ণ করি’ প্রতিপাদ্য নিয়ে পৌষ মেলা উদ্যাপন পরিষদ দুই দিনব্যাপী মেলার আয়োজন করছে। এবার ১১তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।লোকজীবনের অসাম্প্রদায়িক ঋতুভিত্তিক পৌষ উত্সবকে নগরজীবনে তুলে এনে নতুন প্রজন্মকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই মেলার আয়োজন করা হচ্ছে বলে সদস্যসচিব শিল্পী বিশ্বজিত্ রায় জানালেন। মেলায় নানা রকম পণ্যের পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, নাটক, যাত্রা-পাঁচালি—এসব সংযোজনের মধ্য দিয়ে লোকসংস্কৃতির বৈশিষ্ট্যকে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে।বটমূলে সুদৃশ্য মঞ্চ। সামনে শামিয়ানার নিচে চেয়ারের সারি। লেকের দুই পাশ দিয়ে বসেছে স্টল। হরেক রকমের পিঠা তো আছেই, সঙ্গে কারুপণ্যের সম্ভার। ‘পৌষ এলো এলো গো’ সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন নিবেদনের শিল্পীরা। সুবীর নন্দী গেয়ে শোনান ‘পৌষের কাছাকছি রোদমাখা সেই দিন’ ও ‘আমার গানের অস্থায়ী’ গান দুটি। ‘ঐ মহাসিন্ধুর ওপার থেকে’ পরিবেশন করেন ডালিয়া নওশীন। সঞ্জয় রায় গেয়ে শোনান ‘ফিরে চলো ফিরে চলো আপন ঘরে’। ‘মানুষ মানুষের জন্য’ পরিবেশন করেন আজাদ হাফিজ। দলীয় সংগীতে অংশ নেয় বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পী সংস্থা। দলীয় নৃত্যে ছিল স্পন্দন ও নৃত্যম। আবৃত্তি করেন নায়লা তারান্নুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক গোলাম কুদ্দুছ। আলোচনা করেন শিল্পী মুস্তাফা মনোয়ার, ঝুনা চৌধুরী ও মাহমুদ সেলিম। সঞ্চালনা করেন মানজার চৌধুরী।দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। সন্ধ্যায় ছিল সংলাপ থিয়েটারের নাটক নতুন প্রজন্ম ও কৃষ্ণবীণা অপেরার যাত্রাপালা লাইলী মজনু।মোহাম্মদ কিবরিয়ার জন্মদিনে ঢাকা আর্ট ট্রাস্টের যাত্রা শুরুদেশের বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া ৮২ বছর বয়সে পদার্পণ করলেন। গতকাল নতুন বছরের প্রথম দিনটি ছিল তাঁর ৮১তম জন্মদিন। দেশের এই অন্যতম প্রধান শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর ধানমন্ডির বাড়িতে উপস্থিত হয়েছিলেন শিল্পী, সাহিত্যিক, শিল্পানুরাগীসহ সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনেরা। ঢাকা আর্ট ট্রাস্টের আয়োজনে তাঁর জন্মদিনের এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকালে। আর্ট সেন্টারের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া তাঁর ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহীরাও ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরে তিনি জন্মদিনের কেক কাটেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা সফররত বিশ্বভারতীয় অধ্যাপক ইমেরিটাস শিল্পী কে জি সুব্রামানিয়ানও উপস্থিত ছিলেন। ঢাকা আর্ট ট্রাস্টের চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার জানান, ট্রাস্টের উদ্যোগে নবগঠিত আর্ট সেন্টার বরেণ্য শিল্পী কিবরিয়ার জন্মদিন উপলক্ষে ১০১ জন শিল্পীর অংশগ্রহণে দুই দিনের আর্ট ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে।এর আগে ধানমন্ডির ৭/এ রোডের ৬০ নম্বর বাড়ির ঢাকা আর্ট সেন্টারে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রামেন্দু মজুমদার প্রতিষ্ঠানের ১১ জন ট্রাস্টিকে পরিচয় করিয়ে দেন। সেন্টারের বারান্দায় ঝুলে থাকা ঘণ্টা বাজিয়ে আর্ট ক্যাম্পের আনুষ্ঠনিক উদ্বোধন করেন ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক কে জি সুব্রামানিয়ান ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।কে জি সুব্রামানিয়ান বলেন, নানা মাধ্যমের সৃজনশীল মানুষের মেলামেশার উপযুক্ত স্থান তৈরি করতে এবং অভিজ্ঞতা বিনিময়ে এই আর্ট সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চমত্কার উদ্যোগ পৃথিবীর অন্যান্য শহরের জন্য উদাহরণ হয়ে থাকবে। অধ্যাপক কবীর চৌধুরী বলেন, শিল্পকলা প্রগতির ও সুন্দরের পক্ষের শক্তি। ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদসহ সব অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক রফিকুন নবী। আর্ট ট্রাস্টের চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আর্ট ট্রাস্টের উদ্দেশ্য ও পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন।সারা দিনই ঢাকা আর্ট সেন্টারে শিল্পীদের আসা-যাওয়া অব্যাহত ছিল। ঢাকা এবং সারা দেশ থেকে আসা শিল্পীরা নিজেদের শিল্পভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। শিল্পানুরাগীদের সঙ্গে মিলিত হয়েছেন। ছবি এঁকেছেন। রাতে ছিল শিল্পী শাহাদাত হোসেন খানের সরোদ বাদন। আয়োজকেরা জানিয়েছেন, আর্ট ক্যাম্পে আঁকা ১০১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।৫০০তম সাহিত্যবাসর উপলক্ষে খেলাঘরের সাহিত্য উত্সবখেলাঘরের সাহিত্যবাসর ২০০৯ সালে পূর্ণ করল ৫০০তম সাহিত্যবাসরে। এ উপলক্ষে খেলাঘর গতকাল শুক্রবার আয়োজন করেছে দুই দিনব্যাপী সাহিত্য উত্সবের।উদ্বোধক ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ভারতের স্বনামখ্যাত সাহিত্যক সুনীল গঙ্গোপাধ্যায়, সাহিত্য উত্সব উদ্যাপন পর্ষদের চেয়ারপারসন কথাশিল্পী সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন অধ্যাপক মাহফুজা খানম।আলোচনা পর্ব শেষে শুরু হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমি বাংলার গান গাই’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই পর্ব।জসীমউদ্দীন জন্মজয়ন্তী নাট্যোত্সববাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘পল্লিকবি জসীমউদ্দীন জন্মজয়ন্তী নাট্যোত্সব ২০১০’। আয়োজক পদাতিক নাট্য সংসদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর সোজন বাদিয়ার ঘাট-এর গীতিকাব্য নাট্য মঞ্চস্থ হয়।