রমেশ শীলের সমাধিস্থলের গাছটি কেটে ফেলা হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের খ্যাতিমান লোককবি রমেশ শীলের সমাধির সামনে অর্ধশত বছর বয়সী একটি বটগাছ কেটে ফেলার প্রস্তুতি চলছে। সমাধির কাছের জমির মালিকানা দাবি করে একটি পক্ষ গাছটি কাটার উদ্যোগ নিয়েছে। বোয়ালখালী সদর থেকে আধা কিলোমিটার দূরে পূর্ব গোমদন্ডি ইউনিয়নে রমেশ শীলের সমাধি। সমাধির সামনে রয়েছে খোলা মাঠ, রমেশ মঞ্চ ও একটি বটগাছ। ২০০২ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এসে রমেশ কমপ্লেক্স নির্মাণ করার ঘোষণা দেন। এ জন্য ওই এলাকার ৩০ শতক জমিতে সীমানা নির্ধারণ করা হয়। সরকারি বরাদ্দে ওই জায়গা ভরাটও করা হয়। এরপর কমপ্লেক্স নির্মাণের কাজ আর এগোয়নি।এলাকাবাসীর অভিযোগ করে জানান, সমাধির সামনের বটগাছটি কেটে নেওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে জীবনহরি কর, তাঁর ছেলে ও লোকজন নিয়ে গাছটির ডাল-পালা কাটা শুরু করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষেধ করলে তাঁরা গাছ কাটা বন্ধ করে দেন। রমেশ শীলের ছেলে পুলিন বিহারী শীল বলেন, সমাধির পাশে যেখানে গাছ আছে, সে জমিটি অর্পিত সম্পত্তি। জীবনহরি কর বলেন, ‘এটা আমাদের পৈতৃক সম্পত্তি। গাছটি অর্পিত সম্পত্তিতে নয়। এ বিষয়ে আদালতের আদেশনামার কাগজপত্র রয়েছে। সেখানে কোনো পূজা-অর্চনা করা হয় না।’ স্থানীয় বাসিন্দা সবিতা শীল, প্রভা শীলসহ আরও অনেকে জানায়, এলাকার সনাতন ধর্মাম্বলম্বীরা প্রায় ১০ বছর ধরে ওই বটগাছের নিচে মগেদ্বশরী পূজা করে আসছে। পূর্ব গোমদন্ডি ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা কোরবান আলী জানান, পূর্ব গোমদন্ডি মৌজার আরএস ৫১ ও ৫২ দাগে ১ দশমিক ১৩ একর জমি আছে। ওই জমিতেই বটগাছ ও কবির সমাধি। এর মধ্যে ৩৩ শতক জমি অর্পিত সম্পত্তি। বাকি জমি ব্যক্তি মালিকানাধীন। বটগাছটি কোন জায়গায় পড়েছে তা না মেপে বলা যাবে না। রমেশ শীল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল ফজল বাবুল জানান, রমেশ শীল পাকিস্তান ও ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন। আন্দোলনের সময় কবিতা ও গান লেখার জন্য তিনি জেলও খেটেছেন। এ কবির সমাধির সৌন্দর্য ধরে রাখার জন্য বটগাছটি রক্ষা করা উচিত । পূর্ব গোমদন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুনীল চন্দ্র ঘোষ জানান, অভিযোগ পেয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।