রশি-চালকলে আটকে আছে পটুয়াখালী বিসিক শিল্পনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ বছরেও পটুয়াখালী বিসিক শিল্পনগরে তেমন কোনো উল্লেখযোগ্য শিল্পকারখানা গড়ে ওঠেনি। শুরুতে যে কয়টি গড়ে উঠেছিল, সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে শুধু রশি, পলিথিন, চালকলশিল্পের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এই শিল্পনগর। বেশির ভাগ প্লটই অব্যবহূত পড়ে আছে। ক্ষুদ্র ও কুটিরশিল্প উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে শিল্পায়ন, বেকারত্ব দূর, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৮০ সালের ২৯ অক্টোবর পটুয়াখালী বিসিক শিল্পনগরের অনুমোদন দেওয়া হয়। জেলা শহরের অদূরে কালিকাপুর মাঝগ্রাম এলাকায় ১৫ দশমিক ৪০ একর জমি অধিগ্রহণ করে প্রকল্প হাতে নেওয়া হয়। ১৯৮২ সালের জুলাই মাসে শুরু হয়ে প্রকল্পের কার্যক্রম শেষ হয় ১৯৯০ সালের জুনে। জমি অধিগ্রহণসহ এই প্রকল্পে ব্যয় হয় এক কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা। ১৯৯২ সালের জুলাই মাসে পটুয়াখালী বিসিক শিল্পনগর রাজস্ব খাতে নেওয়া হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিনেও সীমানাপ্রাচীর হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী বিসিক নগরের প্লট সংখ্যা ৭৯টি। এর মধ্যে এ পর্যন্ত ৭৬টি বরাদ্দ দেওয়া হয়েছে। ৩২ বছরে এই নগরে মাত্র ১১টি শিল্প ইউনিট গড়ে ওঠে। এর মধ্যে চালু রয়েছে মাত্র ছয়টি। দীর্ঘদিন বন্ধ থাকায় পাঁচটি শিল্প ইউনিটকে রুগ্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে সচল ইউনিটগুলো হচ্ছে: শাহীন পাইপ, রিজিয়া ফ্লাওয়ার মিল, কাজী ফ্লাডিয়ান অ্যান্ড রোপ, কাজী সূচনা প্লাস্টিক, পিজি ফুড ও খান অটো রাইস মিলস। কাজী ফ্লাডিয়ান অ্যান্ড রোপের স্বত্বাধিকারী কাজী হারুন-অর-রশিদ বলেন, পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক থেকে রিসাইক্লিন পদ্ধতির মাধ্যমে তাঁর কারখানা থেকে প্লাস্টিক টাই, রশি, মাছ ধরার জালসহ বিভিন্ন সামগ্রী উৎপাদিত হচ্ছে। একসময় পটুয়াখালীর যোগাযোগব্যবস্থা ভালো ছিল না। তাই প্রথম প্রথম একটু সমস্যা হতো। তবে বর্তমানে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয়েছে। পণ্যের চাহিদাও বেড়ে গেছে। এখানে তাঁর চারটি শিল্প ইউনিট রয়েছে। বর্তমানে সেখানে ৭০ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। তিনি বলেন, পটুয়াখালীর লেবুখালী সেতু ও পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ দেখা যাচ্ছে। এ অবস্থায় উদ্যোক্তা বাছাই করে তাদের মধ্যে প্লট বরাদ্দ ও ব্যাংকঋণের ব্যবস্থা করা গেলে পটুয়াখালী বিসিক শিল্পনগর শিল্পায়নে ভরে যাবে।এ বিষয়ে পটুয়াখালী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. শফিকুর রহমান বলেন, মৎস্য প্রক্রিয়াজাতকরণসহ কৃষিপণ্য নিয়ে অনেক শিল্পপ্রতিষ্ঠান এখানে গড়ে উঠতে পারে। সরকারের পৃষ্ঠপোষকতা, ব্যাংকঋণের সুবিধা পেতে সহযোগিতা পেলে উদ্যোক্তারা এগিয়ে আসবে। শিল্পনগরের কর্মকর্তা মো. ওমর ফারুক ঢালী বলেন, বর্তমানে ছয়টি শিল্প ইউনিট চালু রয়েছে। দুটি নির্মাণাধীন ও ২৫টি নির্মাণের অপেক্ষায় রয়েছে।