রশি টেনে বিভাজন, বাঁশি মুখে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে রংপুর শহর যানজটমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে চার লেন সড়কে খুঁটির মধ্যে রশি টেনে বিভাজন সৃষ্টি করা হয়েছে। সেই সঙ্গে স্বেচ্ছাশ্রমে কমিউনিটি পুলিশের সদস্যরা বাঁশি মুখে সড়কে নেমেছেন। ফলও পাওয়া গেছে। যানজট অনেকটা কমেছে। কিছুটা হলেও তাতে স্বস্তি ফিরে পেয়েছে নগরবাসী।
গতকাল মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে ও কমিউনিটি পুলিশের সহযোগিতায় বেলা ১১টায় নগরের পায়রা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল ফারুক।
এ সময় অন্যান্যের মধ্যে কমিউনিটি পুলিশের সদস্যসচিব সুশান্ত ভৌমিক, অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি মহিতুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক শামসুল আলম ও কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
যেসব স্থানে যানজট সব সময় লেগে থাকে শহরের এমন পাঁচটি স্থানে নতুন এই ট্রাফিক-ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটি বাজারের সামনে চার লেন সড়কে খুঁটি দিয়ে রশি টানা হয়েছে, যাতে লোকজন বাজার থেকে বের হয়ে মূল রাস্তায় যেতে না পারে। সেই সঙ্গে সড়কের দুই পাশে বিভাজন দিয়ে চলাচলের রাস্তা করা হয়েছে। একইভাবে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট ও নবাবগঞ্জ বাজারের সামনে নতুন ট্রাফিক-ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন ট্রাফিক-ব্যবস্থায় ট্রাফিক পুলিশ কাজ তো করছেই, সেই সঙ্গে কমিউনিটি পুলিশের ৪০ জন সদস্য স্বেচ্ছাশ্রমে বাঁশি ফুঁকিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তাঁরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
নতুন এই ট্রাফিক-ব্যবস্থায় গতকাল দুপুরের পর থেকে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঠিকমতো চলাচল করে যান। তাতে নগরবাসীর মধ্যেও স্বস্তি ফিরে আসে। সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা কলেজশিক্ষক নাজমুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনের চেয়ে আজকের (মঙ্গলবার) অবস্থা ভালো।’
ট্রাফিক পুলিশের পরিদর্শক সামসুল আলম বলেন, ‘আমাদের চেষ্টার শেষ নেই। তবে দিন দিন যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে।’ পরিস্থিতি মোকাবিলায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।