রশিতে বাঁধা আহসান হাবিবের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণের এক পায়ে লোহার কয়রা। সেই কয়রায় লম্বা রশি লাগিয়ে তাঁকে গাছে বেঁধে রাখা হয়েছে। ‘পাগল’ বলে পরিবারের সদস্যরা তাঁকে প্রায় আট বছর ধরে এভাবে আটকে রেখেছেন।
ওই তরুণের নাম আহসান হাবিব মণ্ডল (২৪)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উত্তর নলডাঙ্গা গ্রামের রিকশা-ভ্যানের চালক দুদু মণ্ডলের ছেলে। গ্রামের একজনের নামে নোটিশ তামিল করতে গিয়ে শাহজাহান আলী নামের এক কনস্টেবল আহসান হাবিবকে বাঁধা অবস্থায় দেখতে পান। গ্রামটিতে তিনি কয়েকবার গিয়ে তাঁকে একই অবস্থায় দেখেন। পরে তিনি তাঁর অভিভাবকদের সঙ্গে কথা বলেন। অভিভাবকেরা তরুণকে বেঁধে রাখার ঘটনা তাঁর কাছে খুলে বলেন। পরে তিনি বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আনেন।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাড়ির একটি মাটির দেয়ালের পাশে আহসান হাবিবকে কয়রায় লম্বা রশি দিয়ে গাছে বেঁধে রাখা হয়েছে। তখন তিনি মাটিতে ঘুমাচ্ছিলেন। সাংবাদিকদের দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে তাঁকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। এ সময় তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কিছু না বলে শুধু তাকিয়ে থাকেন।
গ্রামবাসী জানান, রিকশা-ভ্যানচালক দুদু মণ্ডলের চার সন্তান। তাঁর দুই ছেলে, দুই মেয়ে। সন্তানদের মধ্যে আহসান হাবিব দ্বিতীয়। ১৬ বছর বয়সে রিকশা-ভ্যান চালাতে শুরু করেন আহসান হাবিব। তবে কিছুদিন ভ্যান চালানোর পর হঠাৎ করেই পাগলের মতো আচরণ শুরু করেন তিনি। একপর্যায়ে গ্রামের এবাড়ি-ওবাড়ি গিয়ে উপদ্রব শুরু করেন তিনি। তখন তাঁর উপদ্রবে অতিষ্ঠ হয়ে মা-বাবা তাঁর পায়ে কয়রা পরিয়ে রশি দিয়ে গাছে বেঁধে রাখা শুরু করেন। ঝড়-বৃষ্টি হলে পরিবারের লোকজন তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যান।
আহসান হাবিবের মা কহিনুর বেগম প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলায় আহসান ভালো ছিল। হঠাৎ করেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল। বহু কবিরাজ দেখিয়েছি, কেউই ছেলেটাক ভালো করতে পারেনি। এখন কথাবার্তাও ঠিকমতো বলতে পারে না। গরিব মানুষ বলে টাকার অভাবে ছেলেটাক ভালো চিকিৎসা করাতে পারিনি। তাই আট বছর ধরে পায়ে বালা (কয়রা) পরিয়ে রশি দিয়ে বেঁধে রাখছি।’
বাবা দুদু মণ্ডল বলেন, তিন বছর আগে আহসান হাবিবকে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করাতে তিনি নিয়ে যান। চিকিৎসক আহসান হাবিবকে দেখে বলেছিলেন, সে সুস্থ হবে। চিকিৎসা খরচ বাবদ তাঁর কাছে ৩২ হাজার টাকা চেয়েছিলেন চিকিৎসক। তবে তিনি সেই টাকা জোগাড় করতে পারেননি। এ কারণে তিনি আর চিকিৎসকের কাছে যাননি।
রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ হোসেন বলেন, ‘দুদু মণ্ডল খুবই গরিব মানুষ। তাঁর এক ছেলে মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি।’
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা বলেন, উন্নত চিকিৎসা দিলে আহসান হাবিব সুস্থ হতে পারেন।