রশিদ মিয়াকে শর্তসাপেক্ষে জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা কক্সবাজারের মহেশখালীর মো. রশিদ মিয়াকে (৮৬) শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন। আসামিপক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মো. শাহজাহান। আসামির বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি জামিনের আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
কক্সবাজারের মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগের তদন্ত চলছে, তাতে মোট আসামি ১৯ জন। তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সাতজনের মধ্যে একজন মো. শামসুদ্দোহা কারাগারে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর রশিদ মিয়া গতকাল জামিন পান। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাকি পাঁচজন হলেন-সালামত খান উল্লাহ খান, জিন্নাত আলী, ওসমান গণি, নুরুল ইসলাম ও বাদশা মিয়া। অন্য ১২ আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে আগামী ১১ অক্টোবরের মধ্যে কক্সবাজারের মহেশখালীর ঘটনার ওপর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশ গুপ্ত সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।