চট্টগ্রামের আসাদগঞ্জের একটি গুদাম থেকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মো. জসিমউদ্দিন গতকাল বুধবার শুনানির পর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কোতোয়ালি থানার পুলিশ তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। চার আসামি হলেন: ‘ইয়াবা ব্যবসায়ী’ রশিদ আহমদ, রশিদের শ্যালক আতাউল করিম, গুদামের দুই কর্মচারী সাব্বির আহমদ ও মো. ইসমাইল। তাঁরা গত শুক্রবার আসাদগঞ্জ থেকে গ্রেপ্তার হন। আদালত সূত্র জানায়, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম গত শনিবার আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আগের দিন শুক্রবার ভোরে একটি গুদাম থেকে র্যাব দুই লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং চার আসামিকে গ্রেপ্তার করে। ইয়াবা বড়ি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের ঘটনায় শুক্রবার রাতেই র্যাব-১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) এম জাহাঙ্গীর পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। পাঁচ আসামির মধ্যে গুদামের মালিক আবদুল মালেক চৌধুরী পলাতক রয়েছেন।ধ্বংসের আবেদন নামঞ্জুর: এদিকে দুই লাখ ৭০ হাজার ইয়াবা বড়ির মধ্যে দুই লাখ ৬৯ হাজার ৭৯৫টি বড়ি ধ্বংসের আবেদন করে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল আবেদনের ওপর শুনানি হয় মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে। আদালত ধ্বংসের আবেদন নামঞ্জুর করেন। তবে পাঁচটি বড়ির রাসায়নিক পরীক্ষা করার অনুমতি দেন। শুনানির পর আদালত আদেশে বলেন, একসঙ্গে বিশাল চালানের এত বড়ি কখনো জব্দ হয়নি। তাই এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। মামলা প্রমাণের স্বার্থে বিশাল চালানের এসব বড়ি বিশেষজ্ঞদের মতামত নিয়ে সংরক্ষণ করার প্রয়োজন আছে। কোতোয়ালি থানার পুলিশ পাঁচটির রাসায়নিক পরীক্ষা এবং ২০০টি বড়ি আলামত হিসেবে সংরক্ষণের আবেদন করেছিল।