রশিদের দাফন সম্পন্ন, দালালের শাস্তি দাবি
মৃত্যুর দুই মাস পর দেশে ফিরলেন আবদুর রশিদ মিয়া (৪৩)। গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ দেশে পৌঁছায়। ৫ জুন মালয়েশিয়ার বন্দিশিবিরে তাঁর মৃত্যু হয়।
রশিদের বাড়ি নরসিংদীর ভেলানগর এলাকায়। দুপুর ১২টায় লাশ বাড়িতে পৌঁছালে তাঁর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ জোহর স্থানীয় স্কুলের মাঠে প্রথম জানাজা শেষে লাশ নেওয়া হয় শিবপুরের জয়নগর ইউনিয়নের সীমারবাগে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
রশিদ ভেলানগর বাজারে বড় ভাই আবুল কাশেমের ফার্নিচারের দোকানে কাজ করতেন। ২৭ মার্চ বিকেলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি রায়পুরা উপজেলার মাহমুদনগর এলাকার জামির উদ্দিন নামের এক দালালের প্রলোভনে পড়ে কয়েকজনের সঙ্গে মালয়েশিয়াগামী ট্রলারে উঠেছিলেন।
মালয়েশিয়ার পুলিশ ১১ মে ৭১৬ জন বাংলাদেশিকে আটক করে। তাঁদের অধিকাংশ বাংলাদেশে ফিরে এসেছেন। এঁদের মধ্যে দুজনের কাছ থেকে রশিদের মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে দালালের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু দালাল উল্টো তাঁদের নানা হুমকি-ধমকি দেন। এ ঘটনায় ২৫ জুন জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়। এর তদন্তভার দেওয়া হয় রায়পুরা থানাকে। কিন্তু থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
গতকাল রশিদের বাড়িতে গিয়ে দেখা যায়, সবাই কান্নাকাটি করছে। রশিদের স্ত্রী নাছিমা বেগম আহাজারি করে বলছিলেন, ‘আমি সব হারাইলাম। স্বামীও গেছে, টাকাও গেছে। তিনডা পোলা নিয়ে এখন আমি কই যাই, কী করি? ও আল্লাহ! তুমি দালালের বিচার করো।’
মালয়েশিয়ায় আবদুর রশিদের সহযাত্রী ভেলানগর এলাকার আওলাদ হোসেন ও মকবুল হোসেন বলেন, সাগরে থাকা অবস্থায় না খেয়ে খেয়ে রশিদ অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশের কাছে ধরা পড়ার পর চিকিৎসার কথা বললে তারা উল্টো তাঁকে মারধর করে। বিনা চিকিৎসাতেই তাঁর মৃত্যু হয়েছে।
রশিদের বড় ভাই আবুল কাশেমের অভিযোগ, রায়পুরা থানায় যাওয়ার পর ওসি ও তদন্ত কর্মকর্তা দালালের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁদের শাসিয়েছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম। তিনি বলেন, এখন রশিদের পরিবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।