চিনি ও দুধের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে কুমিল্লার রসমালাইয়ের ওপরে। আগে এক কেজি রসমালাই বিক্রি হতো ১৮০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। রমজানের পাঁচ-ছয় দিন আগে থেকেই ওই দাম বাড়ানো হয়েছে।ইফতারের নানা ধরনের আইটেমের সঙ্গে কুমিল্লার রসমালাই এ অঞ্চলের মানুষের কাছে অন্যতম একটি উপাদান। সুস্বাদু বিশেষ ওই মিষ্টান্ন রোজাদারদের বেশ মোহিত করে। কিন্তু দাম বেড়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ জানিয়েছেন।প্রতিটি দোকানের মালিক, ব্যবস্থাপক ও কর্মচারীরা অভিন্ন সুরে জানান, রমজানের আগে চিনির কেজি ছিল ৪৫ টাকা। এখন খুচরা বিক্রি হচ্ছে ৭১ থেকে ৭৫ টাকার মধ্যে। একই সঙ্গে আগে দুধের কেজি ছিল ৪০ টাকা; এখন তা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। সে কারণে রসমালাইয়ের কেজিতে ২০ টাকা বাড়ানো হয়েছে।নগরের কান্দিরপাড়ের পোড়াবাড়ীর ব্যবস্থাপক মহসিন উদ্দিন আহমেদ শেখর বলেন, ‘রসমালাই তৈরির প্রধান এবং একমাত্র উপাদান দুধ ও চিনি। রমজানের আগে উভয়ের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমরা ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে এক কেজি রসমালাই বিক্রি করছি।’মনোহরপুরের ঐতিহ্যবাহী মাতৃভান্ডারের স্বত্বাধিকারী শংকর সেনগুপ্ত ও ভগবতী পেড়া ভান্ডারের স্বত্বাধিকারী কিরণময় দত্ত ঝুনু বলেন, ‘বাজারে বহু ধরনের রসমালাই পাওয়া যায়। কিন্তু মানসম্পন্ন রসমালাই হলে এর দাম বেশি হবেই। অনেকে আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে রসমালাই বিক্রি করছেন। তবে এগুলো আসল রসমালাই নয়। আমাদের কোনো শাখা নেই।’কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘ভেজাল রসমালাই তৈরিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেবে। দাম বাড়ার বিষয়টি আমরা খতিয়ে দেখব। কুমিল্লার ঐতিহ্য রসমালাইয়ের দাম বাড়ানো হলে সেই ঐতিহ্যই ম্লান হয়ে যাবে।’