
আদালতে জামিন না পেয়ে ঢাকায় এসে সংবাদ সম্মেলন করে রসরাজ দাসের মুক্তি চাইলেন তাঁর মা-বাবা ও স্বজনেরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনাকে কেন্দ্র করে যেসব তথ্য-উপাত্ত, পুলিশ ও পরিবারের বক্তব্য এবং গণমাধ্যমের প্রতিবেদন ও বিশ্লেষণ পাওয়া গেছে, সেগুলো পর্যালোচনা করে বলা যায়, রসরাজ জামিন পেতেই পারেন।
আইনজ্ঞ, সংখ্যালঘু নেতা ও বিশিষ্ট নাগরিকেরাও মনে করছেন, তদন্ত পর্যায়ে যেসব তথ্য এখন পর্যন্ত বেরিয়ে এসেছে, তাতে এক মাস ধরে কারাগারে থাকা রসরাজের জামিন পাওয়া উচিত।
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পুলিশ ইতিমধ্যে জেলে রসরাজ সম্পর্কে যেসব তথ্য দিয়েছে, সেগুলো পর্যালোচনা করলে তিনটি বিষয় বেরিয়ে আসে। এক. রসরাজের মোবাইল ফোন থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননার ওই ছবি পোস্ট করা হয়নি। দুই. রসরাজের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড অন্যরা জানত। তিন. ছবিটি পোস্ট করার দিন রসরাজ মাছ ধরতে গিয়েছিলেন।
এই তিনটি বিষয়ের পাশাপাশি ওই যুবকের মা নমিতা রানী দাস গতকাল শুক্রবার ছেলেকে ‘নির্দোষ’ দাবি করে বলেছেন, রসরাজ লেখাপড়া জানেন না। তাঁর পক্ষে ফেসবুকে কিছু লেখা সম্ভব নয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২৯ অক্টোবর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় রসরাজকে গ্রেপ্তার করা হয়। মামলাটি অজামিনযোগ্য। কিন্তু আইনজ্ঞরা বলছেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় রসরাজ জামিন পেতে পারেন। ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় বলা আছে, আদালত তথ্য-উপাত্ত সামনে রেখে যদি মনে করেন যে আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হবে না, তাহলে জামিনের বিষয়টি বিবেচনা করতে পারেন। নারী, শিশু ও বিকলাঙ্গরা এ ক্ষেত্রে জামিন পাওয়ার অধিকারী। অন্যদের বিষয়টিও আদালত বিবেচনা করতে পারেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘মামলাটির যে অবস্থা এবং পুলিশ শুরু থেকে এ পর্যন্ত যেসব তথ্য পেয়েছে ও প্রকাশ করেছে, তাতে রসরাজকে জামিন না দেওয়ার কারণ দেখি না।’ তাঁর মতে, এখনকার এই পরিস্থিতিতে রসরাজকে জামিন দেওয়াটাই হবে ন্যায়বিচার।
গত বৃহস্পতিবার রসরাজ দাসের মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত রসরাজের জামিনের বিষয়ে দ্বিতীয় দিনের আংশিক শুনানি শেষে পুলিশকে এ নির্দেশ দেন। আদালত এক মাস পর আগামী ৩ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন। অর্থাৎ ধরে নেওয়া যায়, আরও অন্তত এক মাস রসরাজ জেলে থাকছেন।
অথচ গত ২৮ নভেম্বর জেলা পুলিশের কাছে পাঠানো এক প্রতিবেদনে রসরাজের ব্যবহৃত মুঠোফোন থেকে ধর্ম অবমাননাকর সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনও গণমাধ্যমের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ফেসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এই জেলেকে ২৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে আটক করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও তাঁর সম্পৃক্ততার তথ্য পায়নি। অন্যদিকে ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
লেখাপড়া না জানা মাছ বিক্রেতা রসরাজের পক্ষে ‘অবমাননাকর’ ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করা সম্ভব কি না—ঘটনার পর থেকে সেই আলোচনা চলছে। একের পর এক পুলিশের তদন্তে এবং গণমাধ্যমের প্রতিবেদনে বেরিয়ে আসে, যুবকটি ওই ছবি পোস্ট করেননি।
এরই মধ্যে জাহাঙ্গীর আলম (৩০) নামে স্থানীয় এক সাইবার ক্যাফের মালিককে ওই ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ নভেম্বর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীরই রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে ‘ধর্মীয় অবমাননার’ ছবিটি পোস্ট করেছেন বলে পুলিশ ধারণা করছে।
তারপরও কেন রসরাজকে কারাগারে আটকে রাখা হয়েছে—গতকাল শুক্রবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তুলেছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। অন্যদিকে গত বৃহস্পতিবার জামিন চেয়ে আদালতে দ্বিতীয় দফায় আবেদন জানিয়ে আইনজীবী মো. নাসির মিয়া বলেন, রসরাজ তাঁর মুঠোফোন থেকে এ ধরনের কোনো ছবি পোস্ট করেননি বলে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে।
গতকাল সংবাদ সম্মেলনে রসরাজের বাবা জগন্নাথ চন্দ্র দাস বলেন, ফেসবুকে ইসলাম অবমাননার ঘটনা ‘সাজিয়ে’ কেউ পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা চালিয়েছে।
রসরাজের বাবার ওই বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে নাসিরনগরের ঘটনার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানো লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, এটি বড় ধরনের ষড়যন্ত্র। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন ও পরিষ্কার করার দায়িত্ব সরকারের; না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তিনি বলেন, এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া যায়, তাতে বোঝা যায়, যুবকটি দায়ী নন। অথচ সম্পূর্ণ একজন নিরপরাধ যুবকের ওপর দায় চাপিয়ে এবং ওই ঘটনাকে কেন্দ্র করে শত শত নিরীহ সংখ্যালঘু মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, জামিন পাওয়াটা অধিকার নয়। তবে ঘটনার পারিপার্শ্বিক অবস্থা, পুলিশের বক্তব্য, গণমাধ্যমের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে বোঝা যায়, এ ঘটনায় যুবকটির দায়ী হওয়ার সম্ভাবনা কম। এই বিবেচনায় তাঁর জামিন পাওয়াটা ন্যায্য ছিল।