রসরাজের ভাইয়ের করা মামলায় প্রথম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মন্দির ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গেন্দু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৩০ অক্টোবর হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মহাদেব মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রসরাজ দাসের বড় ভাই দয়াময় দাস বাদী হয়ে ১৬ নভেম্বর নাসিরনগর থানায় অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গেন্দু মিয়াকেই প্রথম গ্রেপ্তার করা হলো।
হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বাসিন্দা রসরাজ দাসের ফেসবুকে কথিত ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করেই সেখানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হামলার ঘটনার সময় হরিপুর গ্রামের সুদাম দাসের বাড়ির মহাদেব মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের আরও কিছু বাড়িতে হামলা ও লুটপাট করা হয়।