রসরাজের মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলার একটিতে গ্রেপ্তার রসরাজ দাসের মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন।
রসরাজের জামিন আবেদন নিয়ে দ্বিতীয় দিনের আংশিক শুনানি শেষে বিচারক এ নির্দেশ দেন। আদালত আগামী ৩ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
প্রতিবেদনটি জমা দিতে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রসরাজ তাঁর মুঠোফোন থেকে ফেসবুকে ধর্ম অবমাননাকর কোনো ছবি পোস্ট করেননি বলে জানিয়েছেন।
রসরাজের জামিন চেয়ে আদালতে গতকাল দ্বিতীয় দফায় আবেদনটি জানান তাঁর আইনজীবী নাসির মিয়া। তিনি বলেন, রসরাজ তাঁর মুঠোফোন থেকে এ ধরনের ছবি পোস্ট করেননি বলে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে। ২৮ নভেম্বর জেলা পুলিশের কাছে পাঠানো প্রতিবেদনে রসরাজের ব্যবহৃত মুঠোফোন থেকে সেই ছবি ফেসবুকে পোস্ট করা হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক বিভাগ।