রসায়নকে ধারণ করতে হবে আনন্দচিত্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও লেখক অধ্যাপক সুনীল তলাপাত্র বলেছেন, রসায়ন একটি জনপ্রিয় বিষয়। এ শাস্ত্রকে আনন্দচিত্তে ধারণ করতে হবে। রসায়নের সঙ্গে উদ্ভিদের রয়েছে নিবিড় সম্পর্ক। দুটির মিশ্রণে তৈরি হয় ওষুধ—যা জীবন রক্ষায় সেবন করে মানুষ। তিনি গতকাল বুধবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ আয়োজিত এক বক্তৃতা পর্বে এসব কথা বলেন।
সুনীল তলাপাত্র আরও বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এ দেশে বহু বিজ্ঞানমনস্ক ব্যক্তি রয়েছেন, যাঁরা বিজ্ঞানমনস্ক জাতি গঠন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বক্তৃতাকালে তাঁর লেখা কেমিস্ট্রি ফর প্ল্যান্ট ন্যাচারাল প্রোডাক্টস বই নিয়েও আলোচনা করেন। বিশ্বের খ্যাতনামা একটি প্রকাশনা প্রতিষ্ঠান সম্প্রতি তাঁর এ বই বের করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, কোষাধ্যক্ষ কুণ্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, ইতিহাসবিদ গোলাম ফারুক ও সুনীল তলাপাত্রের সহধর্মিণী রসায়নের সাবেক অধ্যাপক ও লেখক বাণী তলাপাত্র।