রসায়ন-ইংরেজিঝড়ে ফলাফলে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বোর্ডে রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র জটিল হওয়ায় এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে বিপর্যয় ঘটেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ বলেন, সৃজনশীল পদ্ধতি চালুর পর মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের যতটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, উচ্চমাধ্যমিকের শিক্ষকদের ক্ষেত্রে ততটা দেওয়া হয়নি। যার জন্য ফলাফলে কিছুটা বিপর্যয় ঘটতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ইংরেজির কারণে গড় পাসের হার আর রসায়নের বিষয়ের কারণে এ বোর্ডে জিপিএ-৫-এর সংখ্যা কমতে পারে। বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হবে বলে তিনি জানান।বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এক লাখ ছয় হাজার ৭৬০ জন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮০ হাজার ৫১ জন। পাসের হার ৬৪ দশমিক ৯৮ শতাংশ। এ বিষয়ে অকৃতকার্যের সংখ্যা ২৬ হাজার ৭০৯ জন। রসায়ন বিষয়ে পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। পাস করেছেন নয় হাজার ২৬২ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৫ শতাংশ। যশোর শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, ইংরেজি বিষয়ের কারণে এ বছর কলেজের গড় পাসের হার কিছুটা কমে গেছে। শুধু মানবিক বিভাগ থেকে এ বছর ইংরেজিতে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১১ জন।