রসায়নে শিক্ষকই নেই শ্রেণীকক্ষ-সংকট প্রকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষ ও শিক্ষক-সংকটসহ নানা সমস্যায় চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে দীর্ঘদিন ধরে রসায়ন বিষয়ের কোনো শিক্ষক নেই। শিক্ষার্থীদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। নেই মিলনায়তন ও ক্যানটিন।কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে দর্শনা আখচাষি কল্যাণ সমিতির উদ্যোগে ও স্থানীয় শিক্ষানুরাগীদের সহায়তায় তিন একর ৫৩ শতক জমির ওপর দর্শনা কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালের ১ মে এটি সরকারি করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি (পাস) পর্যায়ের পাঠদান কার্যক্রম চলছে। সম্মান কোর্সে পাঠদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে এক হাজার ৬৫৫ জন ছাত্রছাত্রী লেখাপড়া করেন। শিক্ষকের ৪৬টি পদ থাকলেও অধ্যক্ষসহ ২৭ জন কর্মরত আছেন। বাকি ১৯টি পদ শূন্য। কলেজ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এখানে বাংলার একজন সহকারী অধ্যাপক, ইংরেজির একজন প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞানের একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক, অর্থনীতির একজন সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দুজন প্রভাষক, ইতিহাসের একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক, সমাজবিজ্ঞানের একজন সহকারী অধ্যাপক, গণিতের একজন সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞানের একজন সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞানের একজন প্রভাষক, পদার্থবিজ্ঞানের দুজন প্রভাষক ও ব্যবস্থাপনা বিভাগে একজন সহকারী অধ্যাপকের পদ শূন্য। এ ছাড়া রসায়ন বিভাগে একজন সহকারী অধ্যাপক ও তিনজন প্রভাষকের পদ শূন্য। কলেজ সূত্রে আরও জানা গেছে, বর্তমানে এখানে মোট চারটি ভবন আছে। চারটি ভবনের ১১টি কক্ষের মধ্যে প্রশাসনিক কাজে তিনটি ও শিক্ষার্থীদের কমনরুম হিসেবে দুটি কক্ষ ব্যবহার করা হচ্ছে। বাকি ছয়টি কক্ষে পাঠদান করা হচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে আরও সাতটি কক্ষ প্রয়োজন। কলেজের ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ছাত্র ওয়ালিউল ইসলাম জানান, কলেজের অর্ধেকের বেশি শিক্ষার্থী অনেক দূর থেকে আসেন। অথচ এখানে তাঁদের জন্য আবাসনের কোনো ব্যবস্থা নেই। এখানে একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম হাসান জানান, কলেজের নিজস্ব কোনো মিলনায়তন নেই। বিশেষ দিবস ও উৎসবে ছোট শ্রেণীকক্ষে গাদাগাদি করে অথবা খোলা মাঠে তাঁবু টানিয়ে কর্মসূচি পালন করতে হয়। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র নাজিম উদ্দিন জানান, শিক্ষকসংকটের কারণে নিয়মিত ক্লাস হয় না। ক্লাস চলাকালে শিক্ষার্থীরা কলেজ চত্বর অথবা কলেজের বাইরের মাঠে বসে আড্ডা দিয়ে সময় পার করেন।কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম বলেন, ‘কলেজে শিক্ষক নিয়োগের বিষয়ে বেশ কয়েকবার ঊধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। কলেজের একটি একতলা ভবনকে চারতলায় উন্নীত করার কাজ চলছে। ওই কাজ শেষ হলে আর শ্রেণীকক্ষসংকট থাকবে না।’