রসিকতা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রসিকতা করে সাংবাদিকদের পুলিশ থেকে দূরে থাকতে বলেছেন। এ নিয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলা বিধিসম্মত নয়। গতকাল বুধবার সংসদে এ কথা বলেছেন সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। তার আগে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের পুলিশ থেকে ১০০ হাত দূরে থাকতে বলেছেন। সাংবাদিকদের যদি এ অবস্থা হয়, তবে সাধারণ মানুষের কী হবে? পুলিশ হবে জনগণের বন্ধু। কিন্তু আজকাল তাদের হাতে সরকারি দলের সাংসদেরাও হেস্তনেস্ত হন। ফজলুল আজিম বলেন, পুলিশ আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে না। যে দেশে পুলিশকে সাধারণ মানুষ, সাংসদ এবং সাংবাদিকদের ওপর লেলিয়ে দেওয়া হয়, সে দেশে বসবাস করা যায় না। মনে রাখতে হবে, পুলিশের কারণে এ দেশে সরকারের পতন হয়েছে। তাই পুলিশকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। এই বক্তব্যের মাঝে ফজলুল আজিমের মাইক বন্ধ করে দেন সংসদের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী। এরপর সরকারি দলের সাংসদ শেখ সেলিম দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, ‘সংসদে যখন-তখন যা-তা বলা যায় না। সংসদ ফ্রি স্টাইলে কথা বলার জায়গা নয়। স্বতন্ত্র সাংসদ যে সময়ে দাঁড়িয়েছেন, বিধি অনুযায়ী তা পয়েন্ট অব অর্ডার হয় না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে যা বলেছেন, তা তিনি হিউমারাসলি (রসিকতা করে) বলেছেন। এ নিয়ে সংসদে কথা বলে সময় নষ্ট করার সুযোগ নেই।’ এরপর চিফ হুইপ আবদুস শহীদ বলেন, সাংসদেরা পয়েন্ট অব অর্ডারের নামে যা বলেন, তা প্রকৃত অর্থে পয়েন্ট অব অর্ডার হয় না। এ ধরনের বক্তব্য বাতিল করে দেওয়াই ভালো। পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হলে কার্যপ্রণালী বিধি মেনেই কথা বলতে হবে। সব শেষে ডেপুটি স্পিকার বলেন, ‘এ পর্যন্ত আমি যত পয়েন্ট অব অর্ডার পেয়েছি, তার একটিও পয়েন্ট অব অর্ডার হয়নি। সংসদ সদস্যরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলেন। কিন্তু কিছু করার থাকে না। ততক্ষণে তাঁরা বলতে শুরু করেন। এসব বক্তব্য এক্সপাঞ্জও করা যাবে না। কারণ তাহলে অতীতের সব পয়েন্ট অব অর্ডার এক্সপাঞ্জ করতে হবে। সুতরাং ৩০১ বিধি মেনে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হবে।’সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।