প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে ডিন ফি নামে রসিদবিহীন অতিরিক্ত ৫০০ টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।
গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখার সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশও করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাশিদুল সামির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জোবাইর।
সমাবেশে বক্তারা বলেন, ‘ডিন ফি’র নামে যে অবৈধ ফি আদায় করা হচ্ছে, তা পাবলিক বিশ্ববিদ্যালয়কে বেসরকারীকরণের চক্রান্ত। শিক্ষা একটি সর্বজনীন মৌলিক অধিকার। অর্থের কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যেন এ অধিকার থেকে বঞ্চিত না হন।
বক্তারা দ্রুত এই অনৈতিক ডিন ফি প্রত্যাহারের দাবি জানান।