রসু খাঁর সহযোগী দেলোয়ার গ্রেপ্তার
১১ নারীর আত্মস্বীকৃত খুনি রসু খাঁর সহযোগী দেলোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোহিনুর আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার গভীর রাতে গাজীপুর থেকে তাঁকে আটক করে। তিনি কোহিনুরের স্বামী।কোহিনুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, ২০০৮ সালের ২২ অক্টোবর পুলিশ চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেন। গত বছর আদালতে রসু খাঁর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে পুলিশ জানতে পারে ওই লাশটি কোহিনুরের। স্বামী দেলোয়ারের সহযোগিতায় তাঁকে খুন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত তিনটার দিকে স্থানীয় থানার সহযোগিতায় গাজীপুরের টঙ্গীর মধুমতী এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গতকাল বৃহস্পতিবার থানায় দেলোয়ার সাংবাদিকদের জানিয়েছেন, তিনি রসু খাঁকে চেনেন না। ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর তিনি কোহিনুরকে বাবার বাড়ি পাঠান। সেখান থেকে কোহিনুর টঙ্গীতে তাঁর বোন রুখসানার বাসায় বেড়াতে যান। এরপর সেখান থেকে কোহিনুর কোথায় যান তা আর জানা যায়নি। দেলোয়ার জানান, পরে তিনি পত্রিকার মাধ্যমে কোহিনুর হত্যার কথা জানতে পারেন।খবর পেয়ে দেলোয়ারকে দেখতে থানায় আসেন কোহিনুরের মা নূরজাহান, চাচাতো ভাই শাহ আলম, ফারুক হোসেন। পুলিশ জানায়, কোহিনুরের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল গ্রামে। ২০০৭ সালের ডিসেম্বরে তাঁর সঙ্গে দেলোয়ারের বিয়ে হয়। দেলোয়ার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর বাড়ি ফরিদপুর।