রসু খার বিরুদ্ধে এক মামলার অধিকতর তদন্তের আবেদন
চাঁদপুরের সেই রসু খার বিরুদ্ধে বিচারাধীন একটি হত্যা মামলার অধিকতর তদন্তের আবেদন করেছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান। আদালত ১৬ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২০ জুলাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি বিল থেকে পারভিন নামের এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ২২ জুলাই নিজেকে বাবুল পরিচয় দিয়ে রসু খা একটি মুঠোফোন থেকে পারভিনকে খুনের ব্যাপারে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কিছু তথ্য দেন। ওই তথ্যের ভিত্তিতে রসু খা গ্রেপ্তার হন।পিপি আইয়ুব খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ওসির সঙ্গে রসুর কথপোকথনের ভয়েস রেকর্ডার ও রসুর মুঠোফোনের সিমকার্ড মামলার মূল নথিতে সংযুক্ত করা হয়নি। এটি মামলার বড় দুর্বলতা। তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেছি। আদালত ১৬ আগস্ট শুনানির দিন ধার্য করেন।’রসুর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।