রসুন দিয়ে মাদক!
রসুন দিয়ে মাদক! ভারত-বাংলাদেশ সীমান্তের চোরাচালানিদের মধ্যে এ রকম লেনদেনের প্রবণতা শুরু হয়েছে। দেশে উৎপাদিত রসুনের বাম্পার ফলন ও দাম কম হওয়ায় ভারতের ‘সেভেন সিস্টার’ খ্যাত ব্যবসায়িক এলাকাগুলোতে রসুন মজুদের হিড়িক পড়েছে।বাংলাদেশি রসুনের বিনিময়ে চোরাই পথ দিয়ে চোরাচালানিরা পছন্দমতো পণ্য আমদানি করছে। তবে এর মধ্যে রসুন দিয়ে বেশির ভাগ মাদক নিয়ে আসায় চোরাচালানিদের সাম্প্রতিক তৎপরতার পুরোটাই রসুন দিয়ে মাদক বলে অভিহিত হচ্ছে। এ অবস্থায় সিলেট অঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিশেষ সতর্কতা অবলম্বন করছে।সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে এবার রসুনের বাম্পার ফলন হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। মজুদের সুবিধা না থাকায় অনেকে চাষাবাদের খরচ তুলতে কম দামেই বিক্রি করছেন রসুন। এ সুযোগে সংঘবদ্ধ চোরাচালানি চক্র চাষিদের কাছ থেকে কম দামে রসুন কিনে তা ভারতে পাচার শুরু করে। বিনিময়ে পছন্দমতো পণ্য আমদানির ক্ষেত্রে বেছে নিচ্ছে মাদকদ্রব্য।সিলেট অঞ্চলের সীমান্তগুলো ভারতের সেভেন সিস্টার ব্যবসায়িক এলাকা মেঘালয় বেষ্টিত হওয়ায় চোরাচালানিদের সীমান্ত রুটের সিলেটের শ্রীপুর, কানাইঘাট, জকিগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুর, মহেষখলা, বড়ছড়াসহ ১৯টি পথ দিয়ে রসুন দিয়ে মাদক চোলাচালান হচ্ছে বলে সূত্র জানায়। তবে এ তৎপরতায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিশেষ সতর্কতা শুরু করেছে। বিজিবি-৫ রাতের পালায় নিয়মিত টহল প্রায় এক সপ্তাহ ধরে বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।বিজিবির সিলেট সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, রসুন পাচার হওয়ার তথ্যটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিলেট অঞ্চলের সব বিজিবি ফাঁড়িকে (বিওপি) বিশেষ নির্দেশনার মাধ্যমে অবহিত করা হয়েছে। প্রায় ১৫ দিন ধরে সিলেট অঞ্চলজুড়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। তবে পাচার করা রসুনের বিনিময়ে চোরাচালানিরা কী আনছে—এ বিষয়ে সংগত কারণে নিশ্চিত হওয়া যায়নি।বিজিবির একটি বিওপিতে কর্মরত একজন বিজিবি সদস্য জানান, রসুন উৎপাদনের মৌসুমে এ পর্যন্ত যত চোরাচালানি পণ্য আটক করা হয়েছে, তার সবই মাদক। এতে স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে, এ মৌসুমে রসুন দিয়েই এসব মাদক আমদানি চলছে।