রসুন দিয়ে মাদক! হাতেনাতে আটক ১
সিলেটের সীমান্ত এলাকায় রসুন দিয়ে মাদক চোরাচালানের ঘটনায় একজনকে হাতেনাতে আটক এবং পাচারকালে এক হাজার ২০০ কেজি রসুন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। বিজিবি জানায়, তামাবিল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল গত রোববার রাত একটায় ২৭ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে। বিজিবির নায়েক সুবেদার গোলাম মাওলা জানান, হাতেনাতে আটক ওই ব্যক্তির নাম ফরিদ মিয়া (৩২)। সিলেটের জৈন্তাপুর উপজেলার উজানিনগর গ্রামের ফরিদ মিয়াকে গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টায় জৈন্তাপুরের শ্রীপুর বিজিবির বিওপির নায়েক সুবেদার আবদুল লতিফের নেতৃত্ব টহল দল কোটামারা নামক স্থান থেকে এক হাজার ২০০ কেজি রসুন উদ্ধার করে। বিজিবি জানায়, রসুন ভারতে পাচার করতে মজুদ করা হয়েছিল। বিজিবির টহল দেখে চোরাচালানিরা পালিয়ে যায়।