রসুন নিয়ে বিপাকে চাষিরা
দাম পড়ে যাওয়ায় নাটোরের চাষি ও ব্যবসায়ীরা মজুদ র৩াখা লক্ষাধিক টন রসুন নিয়ে বিপাকে পড়েছেন। চাষিদের অভিযোগ, বর্তমান বাজারদরে রসুনের উৎপাদন খরচই উঠছে না।নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর দেশে মোট তিন লাখ ৩০ হাজার মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। এর মধ্যে শুধু নাটোরেই উৎপাদন হয়েছে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন, যা মোট চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ। গত বছর ছয় হাজার থেকে আট হাজার টাকা মণ দরে রসুন বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানে প্রতি মণ রসুন এক হাজার ৭০০ থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ উৎপাদন খরচ ছিল মণপ্রতি আড়াই হাজার থেকে তিন হাজার টাকা।গত বছর রসুন চাষ হয়েছিল নয় হাজার ৪০০ হেক্টর জমিতে। এবার আবাদ হয় ১৫ হাজার ১২৫ হেক্টরে। চাষিরা অধিক দামে বিক্রির আশায় এবার উৎপাদিত রসুনের বেশির ভাগই মজুদ করে রাখেন। তাঁদের আশা ছিল, রোজার শুরু থেকে রসুনের দাম বাড়তে শুরু করবে।গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের চাষি আজাহার আলী বলেন, কৃষি বিভাগের পরামর্শে কয়েক বছর ধরে কাদা মাটিতে রসুন চাষ করছি। প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ মণ রসুন হয়। খরচ বাদ দিয়ে প্রায় ৫০ হাজার টাকা লাভ থাকে। কিন্তু এ বছর বড় লোকসানে পড়েছি। বড়াইগ্রামের চাষি সাইফুল ইসলাম বলেন, যখন রসুন উঠে, তখনো দাম ছিল মণপ্রতি তিন হাজার থেকে চার হাজার টাকা। অথচ এখন বাজারে বিক্রি হয় দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকায়।সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের চাষি সিরাজুল ইসলাম বলেন, গত বছর বেশি লাভের আশায় অনেকে বীজ রসুন বিক্রি করে দেন। এবার পাঁচ-ছয় হাজার টাকা মণ দরে বীজ কিনে রসুন আবাদ করতে হয়েছে। অথচ অনেক কম দামে রসুন বিক্রি করতে হচ্ছে।লালপুর বাজারের রসুন ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমদানি করা রসুনের দাম কম হওয়ায় দেশিগুলো বিক্রি কম হচ্ছে।জেলার সবচেয়ে বড় রসুনের মোকাম গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় হাটের ব্যবসায়ী ফরিদ উদ্দিন বলেন, এখন সবাই বিক্রির জন্য হাটে রসুন নিয়ে আসছে। কিন্তু ক্রেতা নেই। চাহিদা কম হওয়ায় দামও কম।কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এম দেলোয়ার হোসেন বলেন, দাম বেশি হলে ভবিষ্যতে রসুনের চাষ আরও বাড়ত। তবে এবার অস্বাভাবিকভাবে দাম কমে যাওয়ায় নাটোরের চাষিরা বিপাকে পড়েছেন।