রসুনের কেজি ১০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা কাস্টমস গুদামে রাখা ৮০ টাকা কিলোগ্রামের (কেজি) রসুন নিলামে বিক্রি হয়েছে মাত্র ১০ টাকা দরে।জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে জানুয়ারির প্রথম তিন সপ্তাহে প্রায় ২৯ লাখ ৮৬ হাজার ৮০ টাকা মূল্যের ৩৭ হাজার ৩২৬ কেজি রসুন আটক করে। এই রসুন নিলামে বিক্রি হয়েছে মাত্র ছয় লাখ ৬০ হাজার ৫০ টাকায়। কাস্টমস সূত্রে জানা যায়, ২৩ জানুায়ারি এই রসুন নিলামে বিক্রি করা হয়। প্রথম দফায় নয় হাজার ৬৮ কেজি রসুন ১০ টাকা কেজি দরে কেনে শহরের পেলাশপোল এলাকার মোহনা এন্টারপ্রাইজ। দ্বিতীয় দফায় সাত হাজার ৫৪৩ কেজি রসুন ১৩ টাকা দরে কেনে শহরের অজয় ট্রেডার্স। তৃতীয় দফায় ১০ হাজার ৮২০ কেজি রসুন ২০ টাকা দরে খুলনার আলী আক্কাজ ট্রেডার্স এবং নয় হাজার ৮৯৫ কেজি রসুন শহরের মুকুল নামের এক ব্যক্তি ২২ টাকা কেজি দরে ক্রয় করেন। সাতক্ষীরার ঝাউডাঙ্গা হাটের মুদি ব্যবসায়ী আতিয়ার রহমান, আবদুল গনি ও মনিমোহন ঘোষ জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি রসুন ৪০ টাকা আর চীনা রসুন ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাতক্ষীরা কাস্টমস গুদাম কর্মকর্তা আবু মাসুদ খান বলেন, ‘বাইরে থেকে নিলামে পণ্য ক্রয়কারীরা আগেভাগে এক হয়ে এলে কিছু করার থাকে না।’