রাজধানীর বাজারে আবার বাড়ছে রসুনের দাম। গত এক সপ্তাহে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে খুচরা দোকানে রসুন উঠেছে কেজিপ্রতি ১৭০ থেকে ১৯০ টাকায়। এবার চীনা রসুনের পাশাপাশি দেশি রসুনের বাজারও চড়েছে।
এ ছাড়া নতুন করে বেড়েছে ডিমের দাম। মাছ, মাংস ও সবজির দাম আগের মতোই চড়া। শুক্রবার কাঁচা মরিচের দাম অনেক বেড়ে গিয়েছিল, তবে শনিবার তা কমেছে। বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত আছে।
বিক্রেতারা জানিয়েছেন, নতুন করে রসুনের দাম বাড়ার কারণ চীনে চড়া দর। সেখানে মৌসুম শুরু হলেও দাম কমেনি। অন্যদিকে দেশি রসুনের সরবরাহ কমে গেছে। ভারতীয় রসুন প্রায় আসছেই না।
গত রমজান মাসের শুরুতে চীনা রসুনের দাম কেজিপ্রতি ২৭০ টাকায় উঠেছিল। পরে তা কমতে কমতে খুচরা দোকানে ১৫০ টাকায় নামে। গতকাল শনিবার রাজধানীর শেওড়াপাড়া বাজারে চীনা রসুনের দর কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা চেয়েছেন বিক্রেতারা। অন্যদিকে কারওয়ান বাজারের খুচরা দোকানে তা ১৮০ টাকা চাইতে দেখা গেছে।
নতুন করে বৃদ্ধির আগে দেশি রসুনের দাম ছিল কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা। তা এখন ১৫০ থেকে ১৭০ টাকায় উঠেছে।
এদিকে রাজধানীর শ্যামবাজারের কৃষিপণ্যের আড়তে গতকাল প্রতি কেজি চীনা রসুন ১৬০ থেকে ১৭০ দরে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। ওই বাজারে দেশি রসুনের দাম উঠেছে ১৪০ থেকে ১৬০ টাকায়।
জানতে চাইলে শ্যামবাজারের নবীন ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, চীনে রসুনের দাম অনেক বেশি। ভারতেও বাজার চড়া। দেশেও গত মৌসুমে রসুন উৎপাদন কম হয়েছে। এসব কারণেই দাম আবার বেড়েছে।
রসুনের দাম বাড়লেও পেঁয়াজের দাম আছে আগের মতোই। বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় মিলছে।
গত সপ্তাহে বাজারে ফার্মের লাল ডিমের ডজনপ্রতি দর ছিল ৯৫ টাকা। গতকাল তা ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা হালি দরে। দেশি মুরগির ডিমের হালিপ্রতি দর ৫০ টাকা চেয়েছেন বিক্রেতারা।
দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মো. পলাশ বলেন, মাছের বাজার চড়া থাকলে এবং বৃষ্টি হলে ডিমের দাম বাড়ে।
মাছের বাজারে ইলিশের দর কিছুটা কমেছে। তবে অন্যান্য মাছের দাম বেশি। বিশেষ করে টেংরা, চিংড়ি, পাবদা, বেলে, শোল, বোয়াল, আইড়সহ নদী ও মুক্ত জলাশয়ের যেকোনো মাছের দাম হাঁকা হচ্ছে কেজিপ্রতি ৬০০ থেকে এক হাজার টাকা। মাংসের দাম নতুন করে বাড়েনি, তবে আগে থেকেই চড়া গরুর মাংসের দাম। বাজারভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা দরে। অন্যদিকে ব্রয়লার মুরগি মিলছে কেজিপ্রতি ১৪০ থেকে ১৫৫ টাকা দরে।
কাঁচা মরিচের দাম গত শুক্রবার অনেক বেড়েছিল। বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি বাজারেই ওই দিন এক পাল্লার (পাঁচ কেজি) দাম ৪০০ টাকায় উঠেছিল। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ১২০ টাকা দরে। তবে গতকাল তা কমেছে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. আনিস বলেন, তিনি কাঁচা মরিচ ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। অন্যান্য বেশির ভাগ সবজি ৩০ থেকে ৪৫ টাকার মধ্যে আছে। সবজির দাম বন্যা শুরুর পর বেড়েছিল। নতুন করে আর বাড়েনি।
চিনি, ডাল ও লবণের দাম অনেক দিন ধরেই চড়া। তবে এই তিন পণ্যের দাম নতুন করে বাড়েনি। ঈদুল ফিতরের আগে কেজিপ্রতি চিনি ৭৫ টাকায় উঠেছিল, এখন তা কমে ৬৮ থেকে ৭২ টাকায় নেমেছে। প্রায় ছয় মাস ধরে নেপালি মসুর ডাল ১৫০-১৫৫ টাকা, দেশি মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা ও মোটা দানার মসুর ডাল ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অবশ্য দাম বাড়ার আগে মসুর ডাল কেজিপ্রতি ৮০ থেকে ১১০ টাকা ছিল।
লবণের দাম বেড়েছে গত এপ্রিল মাসের শুরুতে। তখন কোম্পানিগুলো প্রতি কেজি ভালো মানের লবণের দাম নির্ধারণ করেছিল ৩৫ টাকা। এখনো সেই দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে লিটারে দুই টাকা বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম, যা এর আগে দীর্ঘ সময় অপরিবর্তিত ছিল।
জানতে চাইলে কারওয়ান বাজারের দোকানমালিক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন করে মুদি পণ্যের দাম বাড়েনি।