রসুনের মূল্যবৃদ্ধির দাবিতে চাষিদের মানববন্ধন
ভর্তুকি দিয়ে বিদেশ থেকে রসুন আমদানি বন্ধ করা এবং দেশীয় রসুনের মূল্যবৃদ্ধির দাবিতে গতকাল রোববার নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল সড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত রসুনচাষিরা।স্থানীয় ১০টি বেসরকারি সংস্থার সহযোগিতায় বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েক হাজার চাষি গতকাল বেলা ১১টা থেকে এক ঘণ্টা এই মানববন্ধন করেন। শেষে চাষিরা রাজ্জাকের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে কৃষক নেতা মোহাম্মদ আলী, বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ডি এম আলম, পিকেএসএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আতাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, প্রতি মণ রসুন উৎপাদন করতে তাঁদের খরচ হচ্ছে তিন হাজার টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়। এতে প্রতি মণ রসুনে লোকসান হচ্ছে প্রায় দুই হাজার টাকা। অথচ সরকার ভর্তুকি দিয়ে বিদেশ থেকে চড়া দরে রসুন আমদানি করছে। তাঁদের দাবি, ভর্তুকি দিয়ে রসুন না এনে তাঁদের রসুন ন্যায্যমূল্যে কেনা হোক।