রসুনের সাথি তরমুজ চাষে লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃষকেরা রসুনের খেতে সাথি ফসল হিসেবে তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন। প্রতি বিঘা জমিতে রসুনের সঙ্গে তরমুজ চাষ করে ৫০ হাজার টাকা আয় করছেন তাঁরা।সিধুলী গ্রামের কৃষক বিমল কুমার সরকার জানান, তিনি প্রায় আট বছর ধরে রসুন আবাদ করছেন। শুরুতে রসুনের ভালো দামও পেয়েছেন। কিন্তু তিন-চার বছর ধরে রসুনের দাম কমতে থাকে। একপর্যায়ে কৃষি বিভাগের পরামর্শে রসুনের সাথি ফসল হিসেবে চার বিঘা জমিতে তরমুজ চাষ করেন। প্রথম বছরেই তরমুজের ভালো দাম পেয়েছেন। খরচ বাদে বিঘাপ্রতি তাঁর ৫০ হাজার টাকা লাভ হয়েছে। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এই গ্রামের অনেক কৃষকই এখন রসুনের সঙ্গে তরমুজ চাষ করছেন।রসুনগাছের বয়স এক মাস হলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জমির দুই সারির মাঝে দেড় থেকে দুই হাত দূরে গর্ত তৈরি করতে হয়। প্রতি বিঘায় ৫০০ থেকে ৫৫০টি গর্ত তৈরি করা হয়। প্রতিটি গর্তে জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করে হালকা সেচ দিতে হয়। সাত দিন পর গর্তে দুটি করে তরমুজের বীজ বপন করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। এতে করে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয়।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৭০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। সার, বীজ, সেচ ও শ্রমিক—সব মিলিয়ে এক বিঘায় তরমুজ চাষ করতে ১৬ হাজার ৪০ টাকা খরচ হয়। সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় এ ফসল চাষ করে ৫০ হাজার টাকা লাভ হয়। সিধুলী গ্রামের কৃষক বিমল কুমার সরকার জানান, তরমুজ চাষ করার জন্য আলাদা করে জমির দরকার হয় না। রসুন চাষের জমিতেই তরমুজের বীজ বপন করতে হয়। রসুন উঠে যাওয়ার পরই তরমুজের গাছ ছড়িয়ে পড়ে খেতে। উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর জানান, গুরুদাসপুরে প্রায় সাত হাজার হেক্টর জমিতে বিনা চাষে রসুনের আবাদ হয়। অধিকাংশ কৃষক অজ্ঞতা ও অসচেতনতার কারণে সাথি ফসল চাষের প্রতি আগ্রহী ছিলেন না। মাঠপর্যায়ে গিয়ে উদ্বুদ্ধ করায় কৃষকেরা এখন সাথি ফসল হিসেবে তরমুজ আবাদ করতে শুরু করেছেন।