রসুলপুর চরে স্কুল প্রতিষ্ঠা ও জমি বন্দোবস্তের দাবি
বরিশাল সদর উপজেলার রসুলপুর চরে আলাদাভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ওই চরের খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবি জানানো হয়েছে। ওই চরের কয়েক শ বাসিন্দা গতকাল শনিবার মানববন্ধন করে এ দাবি জানান।গতকাল বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে সংগঠনটির বরিশাল জেলা সভাপতি মো. হারুন ভাণ্ডারী সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, গণফোরাম জেলা আহ্বায়ক হিরণ কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, রসুলপুর চরে ৪৯৮টি পরিবার বাস করে। তাদের শিক্ষার জন্য বিদ্যালয় প্রয়োজন। কিন্তু সেটি আলাদাভাবে প্রতিষ্ঠা করতে হবে। নগরের দক্ষিণ চকবাজার ৮৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাগজপত্র পরিবর্তন না করে এবং চরের নামে বরাদ্দ না দিয়ে অবৈধভাবে এটি ওই চরে স্থানান্তর করতে চাইছে একটি মহল। এ উদ্যোগের তীব্র প্রতিবাদ এবং রসুলপুর চরে আলাদাভাবে ভূমিহীন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হচ্ছে।