রসুলপুরে 'নজরুল অনুষ্ঠান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য সাতক্ষীরার  রসুলপুর খাঁ বাড়িতে শুক্রবার ‘নজরুল অনুষ্ঠান’ আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। ছবি: কল্যাণ ব্যানার্জি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য সাতক্ষীরার রসুলপুর খাঁ বাড়িতে শুক্রবার ‘নজরুল অনুষ্ঠান’ আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। ছবি: কল্যাণ ব্যানার্জি

জাতীয় অধ্যাপক এম আর খান তাঁর আত্মজীবনী ‘জীবনের জলছবি’ গ্রন্থে লিখেছিলেন, ‘মওলানা আকরম খাঁর সঙ্গে যোগসূত্রের কারণে কবি কাজী নজরুল ইসলাম, সংগীতসম্রাট আব্বাসউদ্দীন আহমদসহ বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিকদের অনেকেই সাতক্ষীরার রসুলপুর গ্রামে এসেছিলেন। ফলে রসুলপুর আরও আলোকিত হওয়ার সুযোগ পায়।’ সেই সূত্র ধরে অগ্রসর হয়ে জানা যায়, প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে কবি কাজী নজরুল ইসলাম রসুলপুর খাঁ বাড়িতে এসেছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য রসুলপুরের ঐতিহ্যবাহী খাঁ বাড়িতে শুক্রবার এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘নজরুল অনুষ্ঠান’ শিরোনামে বিকেল পাঁচটায় অনুষ্ঠানটির আয়োজন করে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ।

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি পলটু বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইফতেখার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, খুলনা বি এল বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুল মান্নান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রুবেল আনছার। খাঁ বাড়ির পক্ষ থেকে স্বাগত বক্তব্যে আলীমুজ্জামান খান কবি নজরুলের আগমনের ইতিবৃত্ত তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও সমাজে রসুলপুর খাঁ বাড়ির আলোকিত অংশগ্রহণের বর্ণনা উপস্থাপন করেন তিনি।

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরার রসুলপুরের খাঁ বাড়ির ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব স্বাধিকার আন্দোলনে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের এ বাড়ি পীঠস্থান। সব শ্রেণির মানুষের জন্য এ বাড়ি তীর্থস্থান। কবি নজরুল সাতক্ষীরায় তথা খাঁ বাড়িতে এসেছিলেন, তা সাতক্ষীরাবাসীর জন্য গর্বের। এটি দক্ষিণ বাংলার মানুষের জন্যও আনন্দের।

জাতীয় অধ্যাপক এম আর খানের ‘জীবনের জলছবি’ গ্রন্থের কথা উল্লেখ করা বক্তারা বলেন, দৈনিক আজাদের প্রতিষ্ঠিতা ও সম্পাদক মওলানা আকরম খাঁর যোগসূত্রের কারণে কাজী নজরুল ইসলাম খাঁ বাড়িতে এসেছিলেন, তা সহজে ধরে নিয়ে যায়। কিন্তু এ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন। কারণ কবি নজরুল ছিলেন চঞ্চল স্বভাবের। আজ এখানে, তো কাল চলে যেতেন অন্য কোথাও। কবির পুরো জীবন হয়তো ইতিহাসে স্থান পায়নি। গবেষণার মাধ্যমে তা পরিপূর্ণ করা যায়।

পরে নজরুলসংগীত পরিবেশন ও কবিতা থেকে আবৃত্তি করেন শিল্পীরা।