রসুলবাগ ব্যায়ামাগারটি ঠিকমতো চলছে না

বাইরে থেকে তালাবদ্ধ। কলাপসিবল গেট দিয়ে যতটুকু দেখা যায়, ভাঙাচোরা সরঞ্জামাদি। নেই প্রশিক্ষক। স্থানীয় ব্যক্তিরা বলছেন, রসুলবাগ ব্যায়ামাগার একরকম বন্ধই হয়ে গেছে।
আজিমপুরের রসুলবাগ পার্কে একটি ভবনের নিচতলায় ব্যায়ামাগারটি। গতকাল মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, ভবনের কয়েকটি কক্ষে তালা দেওয়া। খেলতে থাকা একজনের কাছে খোঁজ নিয়ে জানা গেল, ব্যায়ামাগারও বেশির ভাগ সময় তালাবদ্ধ থাকে।
ঘণ্টা খানেক অপেক্ষা করেও ব্যায়ামাগারের কোনো লোক পাওয়া যায়নি। স্কুলপড়ুয়া প্রান্ত হক বলল, যিনি দেখাশোনা করেন, তিনি কোথাও গিয়েছেন। সন্ধ্যার পর হয়তো পাওয়া যেতে পারে।
ছোট লম্বাটে একটি ঘর। গেটের বাইরে দেখা গেল ভাঙা কিছু সরঞ্জাম। বসার একটি বেঞ্চ ছিঁড়ে ভেতরের ফোম বের হয়ে গেছে। সব কটিতেই মরিচা পড়েছে। পার্কেই পাওয়া গেল মো. আরিফ নামের একজনকে। যিনি মাঝে মাঝে এই ব্যায়ামাগারে যান। আরিফ বলেন, ‘আমরা বেশি যাই বটতলা জিমে। এইখানে লোক নাই, যন্ত্রপাতি নাই। তাই মানুষ তেমন আসে না।’ আরিফ আরও বলেন, একটি মাত্র আয়না। সেটাও ভাঙা। প্রশিক্ষক নেই। যদি কেউ ব্যায়াম করতে আসেন, তাহলে তত্ত্বাবধায়ক তালা খুলে দেন। সকালে কখনো খোলে, বিকেলে খোলা হয় না, কেউ এলে সন্ধ্যার পরে খোলা হয়।
মো. বাবুল মিয়া রসুলবাগ ব্যায়ামাগারের তত্ত্বাবধায়ক। তাঁকে পাওয়া যায় মুঠোফোনে। তিনি বলেন, ‘প্রতিদিন সকালে তো খুলি। সকাল ১০টা পর্যন্ত খোলা থাকে। বিকেলেও খুলি। ১০-১৫ জন লোক ব্যায়াম করে।’ স্থানীয় কয়েকজন বললেন, শুরু থেকেই কোনো প্রশিক্ষক নেই। এলাকার জামাল ভাই নামে একজন কিছুদিন দেখিয়ে দিতেন। কিন্তু এখন সরঞ্জাম আর লোক না হওয়ায় তা-ও বন্ধ হয়ে গেছে।
মো. জামাল উদ্দিন, আজিমপুর বটতলা ব্যায়ামাগার বডিবিল্ডিং শিখতেন। তাঁকে পাওয়া গেল রসুলবাগ পার্কের পাশেই। তিনি বললেন, ‘প্রায় ২০ বছর আগে এলাকার ছেলেদের জন্য এ ব্যায়ামাগার করা হয়। বটতলা জিমের বরাদ্দের সময় এটার জন্যও আমরা বলি। তখন কিছু সরঞ্জাম দেওয়া হয়। শুরুতে আমি দেখিয়ে দিতাম, কিন্তু এখন জিনিস নাই। মানুষ নাই। আমিও জিম ছেড়ে দিছি।’
রসুলবাগ ব্যায়ামাগারটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন। ডিএসসিসি অঞ্চল-৩ এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা রোকনুজ্জামান এর দায়িত্বে আছেন। তিনি বলেন, ‘এ জিমের সমস্যা অনেক। অবকাঠামোগত ঝামেলা আছে। পুরোনো জিনিস। তবে আমরা চাহিদাপত্র দিয়েছি। প্রক্রিয়াধীন আছে।’
প্রশিক্ষক না থাকার ব্যাপারে রোকনুজ্জামান বলেন, নিয়োগ নেই। আর আটটি ব্যায়ামাগারের একজন মাত্র প্রশিক্ষক।