রসুলবাগ শিশুপার্কে শিশুদের কিছুই নেই

আজিমপুরে রসুলবাগ শিশুপার্কে শিশুদের খেলার কিছুই নেই। বড় অংশজুড়ে আরবান হেলথ কেয়ার সেন্টারের ভবন। মূল ফটকের কাছে কয়েকটি ভাসমান দোকান। বালু-সিমেন্টের বস্তা জায়গায় জায়গায় জড়ো করে রাখা। এলাকাবাসীর উদ্যোগে আলোর ব্যবস্থা হয়েছে। তবে তাঁরা চান, পার্কের সার্বিক পরিবেশের উন্নতি হোক।
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, রসুলবাগ পার্কের মাঝামাঝি অংশে আরবান হেলথ কেয়ার সেন্টারের তিনতলা ভবন। তবে তালাবদ্ধ। বাকি অংশ ফাঁকা জমি। পার্কের মাঠে একদল যুবক ক্রিকেট খেলছিলেন। তাঁদের একজন মো. শাহ আলম বললেন, বছর পনেরো আগেও পার্কে দোলনা, ঢেঁকি, স্লিপার ছিল। ছেলেবেলায় তিনি নিজেও এসবে চড়েছেন।
দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে রসুলবাগ পার্কের অবস্থান। মূল ফটকে এখনো পার্কের ঠিকানায় ‘৬২ নম্বর ওয়ার্ড’ লেখা। গতকাল গিয়ে দেখা যায়, ফটকের পাশে সীমানাপ্রাচীর ঘেঁষে বাইরে মাছ-সবজির বাজার বসেছে। আর ভেতরে ভ্যানের ওপর বিছানার চাদর, ওড়না আর ফুচকার দোকান। পাশের নির্মাণাধীন কয়েকটি ভবনের বালু-সিমেন্টের বস্তা, আর বাঁশ ফেলে রাখা হয়েছে কয়েক জায়গায়। এলাকাবাসী বললেন, বহুদিন ধরে সন্ধ্যার পর পার্কে মাদকের আসর বসে। তবে পার্কে কোনো নিরাপত্তারক্ষী নেই। পার্কের ফটকের ওপর বসানো ক্লোজড সার্কিট ক্যামেরাটিও অচল। বেশ কিছু লাইটপোস্টে বাতিও নেই।
রসুলবাগ যুব সমাজ কমিটির সদস্য মো. আবদুল আজিজ বলেন, এলাকার তরুণেরা মিলে পার্কের ভেতর আটটি লাইট লাগিয়েছেন। বিশ্রামের জন্য সিমেন্টের লম্বা একটি বেঞ্চও বানিয়েছেন তাঁরা। সৌন্দর্যবর্ধনের জন্য মুরব্বিরা মিলে এক পাশে বাগান করেছেন। মাদকের আড্ডা প্রতিরোধে সন্ধ্যার পর এলাকার তরুণেরা মিলে পাহারার ব্যবস্থাও করেছেন। আজিজ বলেন, ‘আমরা চাই, প্রশাসন মাঠের উন্নয়ন করুক। নতুন করে ওয়াল দিলে, চারপাশে হাঁটার পথ করে দিলে ভালো হয়। মাঠটা পরিষ্কার হোক, সুন্দর হোক।’
ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান বলেন, আরবান হেলথ কেয়ার সেন্টার কিছুদিনের মধ্যেই আবার চালু হবে। সেন্টার থেকে সপ্তাহে এক দিন চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। তিনি বলেন, এলাকার বখাটেরা লাইট ভেঙে ফেলে। ক্লোজড সার্কিট ক্যামেরার তার তারা কেটে নিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে দখলমুক্ত করে পার্ককে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।