রহমতগঞ্জ হাটের 'শোভা' মিরকাদিমের গাভি
পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মাঠের পশুর হাটে নানা প্রজাতি ও আকৃতির বাহারি ষাঁড়, মহিষ কিংবা ছাগলের তুলনায় এদের সংখ্যা নিতান্তই নগণ্য। মেরে-কেটে দুই শর বেশি হবে না। তারপরেও এই হাটের মূল আকর্ষণ কিংবা শোভা এরাই।
কথা হচ্ছে মিরকাদিমের গাভির প্রসঙ্গে। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল আজহার দুই দিন আগে রহমতগঞ্জ হাটে উঠেছে বিশেষ ব্যবস্থাপনায় বড় করা এই সাদা রঙের গাভি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকেই ব্যাপারীরা নদীপথে এসব গরু নিয়ে রহমতগঞ্জ হাটে পৌঁছাতে শুরু করেন। তবে গরুগুলো বিক্রির জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাঁদের।
মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার সাদা রঙের এ গাভিগুলো লালন পালন করা হয় পুরান ঢাকার বাসিন্দাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে। গত শতকের ত্রিশের দশকে চালু হওয়া রহমতগঞ্জ হাটটি গণি মিয়ার হাট নামেও পরিচিত। শুধু এই হাটেই মিরকাদিমের গাভি পাওয়া যায়।
গতকাল বেলা ১টার পর হাটের দিকে যাওয়ার পথে ওয়াটার ওয়ার্কস রোডে চোখে পড়ল এক জোড়া গাভি কিনে বাড়ি ফিরছেন নাজিরাবাজার এলাকার নাইফ রহমান ও তাঁর সঙ্গীরা। ১ লাখ ৩০ হাজার টাকায় তিনি এই গাভি দুটো কিনেছেন। নাইফ জানালেন, প্রতিবছর তাঁদের দুই পরিবারে অন্তত চার, পাঁচটি পশু কোরবানি হয়। এর মধ্যে দুটো মিরকাদিমের গাভি থাকবেই।
রহমতগঞ্জ হাটে ঢুকে দেখা গেল, মূল প্রবেশপথের বাঁ পাশে মিরকাদিমের গাভির জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সেখানে কথা হলো আরেক ব্যাপারী মিরকাদিমের রিকাবি বাজার এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি সঙ্গে করে দুটো গরু এনেছেন বিক্রির জন্য। রহমতগঞ্জেরই বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের কাছে তিনি মাঝারি আকারের প্রতিটি গরুর দাম চাইলেন এক লাখ টাকা করে।