ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও এক আবাসিক শিক্ষকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে হলটির ২৫৬ জন আবাসিক শিক্ষার্থীর স্বাক্ষর রয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ছাত্রীদের কোনো সমস্যা প্রাধ্যক্ষ বা আবাসিক শিক্ষককে জানালেই তাঁরা সেটা না শুনে দুর্ব্যবহার করেন। এমনকি হল ছেড়ে যেতে ও পরিবার নিয়ে কটু কথা বলেন। গণরুমে অতিথি কার্ড করা নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। কার্ড তৈরি হয়ে গেলেও তা দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়। হলে পর্যাপ্তসংখ্যক আসন থাকলেও তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রীদের আসন দেওয়া হচ্ছে না। এ ছাড়া আরও অনেক অভিযোগ করা হয়।
প্রায় আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন ছাত্রীরা। ছাত্র উপদেষ্টা তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা ফিরে যান। অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযোগ যাচাই সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন প্রথম আলোকে বলেন, ‘কেউ না কেউ হয়তো শিক্ষার্থীদের দিয়ে এমনটা করিয়েছে। আমি এক বছর থেকে দায়িত্বে আছি। দায়িত্বে অবহেলা করলে প্রশাসন কি এত দিন আমাকে এখানে বসিয়ে রাখত?’ লিখিত অভিযোগের বিষয়ে প্রাধ্যক্ষ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাকে এখনো কিছু জানানো হয়নি। আমি আগে বিষয়টি জানি, বুঝি তারপর বলতে পারব।’