রহস্য উদ্ঘাটন হয়নি, আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে তিন যাত্রীকে হত্যার রহস্য গতকাল শুক্রবার পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্টেশন চলে আসায় ধরা পড়ার আশঙ্কায় ডাকাতেরা নৃশংস হয়ে ওঠে। ওই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গত বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কাছে ভাদুঘর কুরুলিয়া রেলসেতু এলাকায় ডাকাতেরা সবকিছু লুটে তিতাস কমিউটার ট্রেনের বগি থেকে এক নারীসহ পাঁচ যাত্রীকে ফেলে দেয়। তাঁদের মধ্যে সুধ মিয়া (৫০), সাহানা বেগম (৪৫) ও অজ্ঞাতনামা এক পুরুষ (৪৫) মারা যান। সুধ মিয়া ও সাহানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। আহত দুই যাত্রী হলেন: একই উপজেলার রুবেল মিয়া (৩৫) ও নাসিরনগর উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম। ইঞ্জিনের সঙ্গের ওই বগিতে তাঁরা পাঁচজনই যাত্রী ছিলেন। ট্রেনটি ঢাকায় আসছিল।অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ দাফনের জন্য বৃহস্পতিবারই আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।রেলওয়ে পুলিশ জানায়, তদন্তের এ পর্যায়ে তাঁরা নিশ্চিত, ঘটনাটি ছিল ডাকাতি। আহত দুই যাত্রীর জবানবন্দি থেকে পুলিশ মনে করছে, কাঙ্ক্ষিত অর্থ না পাওয়ায় ডাকাতেরা হিংস্র হয়ে উঠে থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, অনেক কিছু আমলে আনার পর মনে হচ্ছে, ডাকাত দলের মধ্যে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। এ কারণে তারা ট্রেন থেকে যাত্রীদের ফেলে দেওয়ার তাৎক্ষণিক পরিকল্পনা করে। রেলওয়ের একাধিক সূত্র জানায়, ওই ঘটনা রেলপথের কোনো না-কোনো অপরাধ সিন্ডিকেটের কাজ। গতকাল রেলওয়ে পুলিশ ওই ডাকাতি-হত্যার ঘটনায় বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন সাতজনকে আটক করেছে। তবে তাঁরা জড়িত ছিলেন কি না, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। আখউড়া রেলওয়ে থানার ওসি তদন্তের স্বার্থে আটক সাতজনের পরিচয় প্রকাশ করতে অপারগতা জানান।তদন্ত কমিটি: ওই ঘটনায় রেলওয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান হলেন রেলওয়ের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট ফারুক আহমেদ। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহ ও অতিরিক্ত যান্ত্রিক প্রকৌশলী পার্থ সরকার। রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক মো. সোহরাব হোসেন ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সহকারী সুপার নজরুল ইসলাম গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, সদর থানার ওসি মো. আবদুর রব ও আখাউড়া রেলওয়ে থানার ওসি উপস্থিত ছিলেন। মো. সোহরাব হোসেন বলেন, ‘রেলওয়ের পরিধি বেশ বড়। আমাদের একার পক্ষে ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। এ জন্য জেলা পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, বর্তমানে মেইল ট্রেনগুলোর (কাটা বগি) এক বগি থেকে অন্য বগিতে চলাচলের সুবিধা নেই। ট্রেনগুলোতে আলো থাকে না। এ কারণে তিন-চারজন নিরাপত্তাকর্মী দিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। কোনো কোনো সময় নিরাপত্তাকর্মীরাই নিরাপত্তাহীনতায় ভোগেন।