সাংবাদিক মানিক সাহা হত্যার রহস্য উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে।
‘সাংবাদিক মানিক সাহা হত্যার বিচারপ্রার্থী সাংবাদিক সমাজ’ ব্যানারে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে এই দাবি তোলেন বক্তারা।
খুলনার প্রয়াত এই সাংবাদিকের নবম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে প্রকৃত খুনি, খুনিদের অর্থের জোগানদাতা ও নেপথ্য পরিকল্পনাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি করেন। এ ছাড়া খুলনা জেলার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, খুলনা মেট্রোপলিটন পুলিশ ও ওই সময়ে ক্ষমতাসীন বিএনপি-জামায়াতের খুলনা ও বাগেরহাট অঞ্চলের কয়েকজন সাংসদের ভূমিকা খতিয়ে দেখারও দাবি ওঠে।
বক্তারা বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হওয়া অপরিহার্য।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বৈশাখী টেলিভিশনের বার্তাপ্রধান রাহুল রাহা প্রমুখ। সভাপতিত্ব করেন পিটিবিনিউজ২৪.কম-এর প্রধান সম্পাদক আশীষ কুমার দে। বিজ্ঞপ্তি।