রহস্য উদ্ধারে নেত্রীর সঙ্গে দেখা করব: তৈমুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন পাঁচ বছর। সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেলও ছিলেন। তবে কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তাই এবার তিনি নির্বাচন করার স্বপ্ন দেখেছিলেন। শেষ পর্যন্ত সেটি করতে না পারায় দারুণ কষ্টে আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।গতকাল সোমবার প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই কষ্টের কথাই জানালেন তৈমুর। বললেন, ‘ভাই, আমি এখন জীবন্ত লাশ। আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। কিন্তু কার নির্দেশে নেত্রী এমন সিদ্ধান্ত নিলেন, আমি এখন সেই রহস্য উদ্ধার করতে নেত্রীর সঙ্গে দেখা করব।’তৈমুর আলম বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। এতে অমি খুশি। কিন্তু নির্বাচনে অংশ নিলে আমি জয়লাভ করতাম। কারণ নারায়ণগঞ্জ শহরে আমাকে সবাই পছন্দ করে। আমার কোনো বাহিনী নেই। আমি কখনো সন্ত্রাস করি নাই। গণবিরোধী কাজ করি নাই। কিন্তু আমাকে নির্বাচন করতে দেওয়া হলো না।’নির্বাচন করতে না পারার দুঃখ তৈমুরের নতুন কিছু নয়। পেশায় আইনজীবী তৈমুর ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৯৭ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে বিএনপি তাঁকে সমর্থন দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ দেয় নারায়ণগঞ্জ পৌরসভায়। ২০০১ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তৈমুর। তবে বিএনপি ক্ষমতায় এলে তাঁকে বিআরটিএর চেয়ারম্যান করা হয়। ২০০৬ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও সেই নির্বাচন বাতিল হয়ে যায়। এরপর দেশে জরুরি অবস্থা এলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। ২০০৮ সালের নির্বাচনে দলের প্রাথমিক মনোনয়ন পেলেও জেলে থাকায় তা বাতিল হয়।তৈমুর আলম আফসোস করে বলেন, ‘আমার জনপ্রতিনিধি হওয়ার খুব ইচ্ছা। অন্তত একটিবার আমাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হলে আমি সুখ পেতাম। কিন্তু আবারও আমাকে দলের বলি হতে হলো।’তৈমুর বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যেতে চাইনি। দলের চাপেই সরে যেতে হলো। আমি সম্পত্তি বেচে নির্বাচনে দাঁড়িয়েছি। সরে যাওয়াতে আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমি দলের অনুগত। নেত্রীর নির্দেশে আমি নিজেকে কুরবানি দিয়েছি।’নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে দল থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘আমি কোনো প্রতিশ্রুতির তোয়াক্কা করি না। দল সিদ্ধান্ত দিয়েছে, তাই মেনে নিয়েছি। আমি দলের অনুগত। তবে নেত্রীর সঙ্গে কথা বলে আমি রহস্য উদ্ধার করব, কারা আমাকে জীবন্ত কবর দিল।’গতকাল সোমবার জনসংযোগ করতে বেরিয়েছিলেন তৈমুর আলম খন্দকার। শহরের মাসদাইরের বাসা থেকে বের হয়ে এলাকায় জনসংযোগ করেন তৈমুর আলম। সঙ্গে ছিলেন জেলা ও শহর বিএনপির নেতা-কর্মীরা।এভাবে জনসংযোগের কারণ জানতে চাইলে তৈমুর প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে আবার নির্বাচন করলে জনগণকে আমার পাশে পেতে চাই। তাই আমি তাদের সঙ্গে কথা বলতে এসেছি।’সন্ধ্যায় তৈমুর আলম মুঠোফোনে জানান, তিনি এখন ঢাকার পথে। যাচ্ছেন নেত্রীর সঙ্গে কথা বলতে। নেত্রীর সঙ্গে কথা বলে কী পাবেন, ভবিষ্যতে কোনো নির্বাচনে সুযোগ পাবেন কি না, সেসব ব্যাপারে কিছু বলেননি তিনি। কেবল জানান, ‘আমি রহস্যটা উদ্ধার করি।’