নাটোরের যুবলীগের তিন নেতা-কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যার রহস্য উদ্ঘাটন ও এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা যুবলীগের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।
জেলা যুবলীগের কয়েক শ নেতা-কর্মী দুপুর ১২টায় শহরের কান্দিভিটার অস্থায়ী দলীয় কার্যালয়ে সমবেত হন। সেখান থেকে মিছিল করে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা চলছিল। জেলা যুবলীগের তিনজন প্রতিনিধি সভাস্থলে গিয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের কাছে স্মারকলিপি দেন।
জানতে চাইলে পৌর যুবলীগের আহ্বায়ক সাঈম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। তাই লিখিতভাবে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের তিন নেতা-কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছি। অবিলম্বে যদি এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
এদিকে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী মাসিক আইনশৃঙ্খলা সভায় হত্যাকারীদের দ্রুত শনাক্ত করার দাবি জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আশ্বাস দেন, সবকিছু মাথায় রেখে তাঁরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। অপরাধীরা অবশ্যই আইনের আওতায় আসবে।
নিহত নেতা-কর্মীরা হলেন নাটোরের আবদুল্লাহ আকন্দ (২৮), রেদোয়ান সাব্বির (২৬) ও সোহেল রানা (২৭)। আবদুল্লাহ সদর উপজেলার কানাইখ্লী এলাকার লুৎফর রহমান মাওলানা ও রেদোয়ান একই এলাকার সোনা মিয়ার ছেলে। আর সোহেল তালতলা হাফরাস্তা এলাকার কালু মিয়ার ছেলে। নাটোর থেকে অপহরণের দুই দিন পর ৫ ডিসেম্বর দিনাজপুরে তাঁদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, র্যাব পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে র্যাব।