ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্কুলছাত্র মো. সাখাওয়াত আবদিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে এ কর্মসূচি পালন করে।
সাখাওয়াত শহরের চরনিখলা মহল্লার মো. জয়নাল আবদিনের ছেলে। সে উপজেলা শহরের চরনিখলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। ২১ আগস্ট বাড়ির পরিত্যক্ত ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় তার একটি হাত রশি দিয়ে বাঁধা ছিল। দুই পা মাটিতে লাগানো ছিল। এ কারণে তার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধে। এ রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে গতকাল সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিতু মরিয়মের হাতে একটি স্মারকলিপি তুলে দেন আয়োজকেরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাখাওয়াতের বাবা মো. জয়নাল আবদিন, চরনিখলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান প্রমুখ।