
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার রহস্য উন্মোচনে পুলিশের ওপর ভরসা রাখতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ প্রশাসন যখন দক্ষতার সঙ্গে আগুনযুদ্ধ থামাতে পেরেছে, জঙ্গিতাণ্ডব থামাতে পেরেছে, গুপ্তহত্যাকারীদের বেশির ভাগ ক্ষেত্রে চিহ্নিত করতে পেরেছে, ঠিক তেমনি এসপির স্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটনেও সফলতার পরিচয় দেবে তারা।
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী গুপ্তহত্যার চক্রান্তের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জড়িত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি মনে করি খালেদা জিয়া ক্ষমতা দখলের জন্য পাগল হয়ে গেছেন। যেকোনোভাবে সরকার পতন ঘটানোর চক্রান্তে লিপ্ত রয়েছেন তিনি। সেই চক্রান্তের অংশ হিসেবে সাম্প্রতিক কালের গুপ্তহত্যাগুলো ঘটছে।’
তথ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্র, চক্রান্ত, মানুষ পোড়ানো, গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ সরকারের কাছে রয়েছে। অপরাধ থেকে নিজেদের আড়াল করতে তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে সরকারকে দোষারোপ করার চেষ্টা করছে।