
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হাড়োকান্দি গ্রামে স্কুলছাত্রী জান্নাতুল খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। মৃত্যুর রহস্য উন্মোচন এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
হাড়োকান্দি, বলেশ্বরপুর ও মোকামতলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাড়োকান্দি বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হাড়োকান্দি-বলেশ্বরপুর স্কুলমাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। গ্রামের সাধারণ মানুষও এতে অংশ নেন।
হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আইলহাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, হাড়োকান্দি-বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক প্রমুখ।
মিনাজ উদ্দিন বলেন, জান্নাতুলের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে পরিবার ও পুলিশের ভূমিকা রহস্যজনক। জান্নাতুলের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন চাচাতো ভাই জাকির হোসেনকে পুলিশ কোনো জিজ্ঞাসাবাদ না করায় এবং ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি লাশ দাফন করায় সন্দেহ বেড়েই চলেছে। এ ধরনের ঘটনা আপস-মীমাংসা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটবে।
এদিকে ঘটনার দিন সকালে জান্নাতুলের সঙ্গে তার চাচাতো ভাই জাকির হোসেনকে দেখা একমাত্র প্রত্যক্ষদর্শী একই গ্রামের মদন কুমার সাধু খাঁ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছেন। তিনি বলেন, গ্রামের একটি মহল তাঁকে নানা হুমকি-ধমকি দিচ্ছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, জান্নাতুলের মা-বাবাসহ পরিবারের সদস্যদের অনাপত্তি থাকার কারণেই ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।
হাড়োকান্দি গ্রামের কাশেম আলীর মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ৩১ আগস্ট সকালে তাল কুড়াতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ২৬ ঘণ্টা পর গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে।