
‘আমি এক পিতা, পুত্র, সিরিয়াল কিলার...’ ডেক্সটার মরগানের পরিচয় তার নিজেই মুখেই এই। সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র বা ‘নায়ক’ এক খুনি। না, ঘটনাচক্রে খুনি নয়, খুন করাই তার নেশা। এই চরিত্রকে ভালোবাসা সম্ভব? সম্ভব, তা দেখিয়ে দিয়েছেন বিশ্বজুড়ে ডেক্সটার-ভক্তরা। শুধু উত্তেজনা বা রহস্যের টানে নয়, ডেক্সটার সিরিয়ালটি জনপ্রিয়তা পেয়েছে অসাধারণ এক মানবিক খুনির চরিত্র এঁকেই। যাকে ঘৃণা বা করুণা নয়, একটা সময়ে ভালোবেসে ফেলবেন দর্শকেরা। সম্ভব নয় জেনেও চাইবেন তাঁর জীবনটা স্বাভাবিক আর দশটা মানুষের মতোই হোক, শেষটা হোক ‘হ্যাপিলি এভার আফটার’। ডেক্সটার চরিত্রে রূপদানকারী মাইকেল সি হল সম্প্রতি ঘুরে গেলেন বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা নিয়ে একটি প্রামাণ্যচিত্রের কাজে এসে এখনকার উষ্ণতা বেশ বাড়িয়েই দিয়ে গেছেন তিনি। লোকচক্ষুর আড়ালেই থাকতে চেয়েছিলেন, তা আর হলো কই? মাইকেল বোধ হয় ভাবেননি বাংলাদেশেও ডেক্সটারের এমন জনপ্রিয়তা!
ডেক্সটার, ব্রেকিং ব্যাড, হ্যানিবাল, ট্রু ডিটেকটিভ, প্রিজন ব্রেক—জনপ্রিয় অপরাধমূলক ধারাবাহিকের তালিকাটা আরও লম্বা করা যায়। তবে এই সবগুলোরই মিল একটা জায়গায়, তা হলো এর দর্শকেরা, যাঁরা মূলত তরুণ। সরাসরি এই ধারার না হলেও শার্লক সিরিজটির কথা বলতেই হয়। মাত্রই তিন সিজনে নয়টি পর্ব, আশ মেটে কী করে ভক্তদের? সারা দিন ধরে ডাউনলোড করে সারা রাত জেগে দেখা। পেনড্রাইভ, সিডিতে করে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া। মহা উত্তেজনার ব্যাপারই বটে। তারপর আছে সে নিয়ে আলোচনা, ছবি শেয়ার করা, ফেসবুক গ্রুপ বা পেজ বানানো। ফেসবুকে সিরিয়ালখোর, মুভি অ্যান্ড সিরিয়াল অ্যাডিক্ট এ রকম কিছু গ্রুপ দেখলেই বোঝা যাবে, এই ধারার সিনেমা বা সিরিয়াল নিয়ে বাংলাদেশের তরুণদের আগ্রহটা কতখানি।

‘এ ধরনের সিরিয়ালগুলোর চরিত্র নির্মাণ, চিত্রনাট্য এতটাই আকর্ষণীয় যে একবার দেখা শুরু করলে আর বাদ দেওয়ার উপায় থাকে না। একদমই গতানুগতিকতার বাইরে, মাথা খাটানোর প্রচুর উপাদান থাকে এগুলোতে।’ কথা হয় নন্দিতা দাসের সঙ্গে। স্নাতক শেষ করে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছেন তিনি। শার্লকের পর্বগুলো দুই-তিনবার করে দেখা শেষ, চতুর্থ সিজনের জন্য অধীর অপেক্ষা চলছে এখন তাঁর।
সিনেমা আর সিরিয়াল তো গেল। মাসুদ রানাকে কি ভোলা যায়? আমাদের নিজস্ব ‘জেমস বন্ড’। বাংলাদেশ জন্মেরও আগে থেকে শুরু হয়েছে সেবা প্রকাশনীর এই সিরিজটি। একসময়ের পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের গুপ্তচর রানা এখন বাংলাদেশের অন্যতম সেরা গুপ্তচর। এখনো তার ধার কমেনি, কমেনি জনপ্রিয়তাও। এবারের বইমেলায় সেবা প্রকাশনীর সামনে ভিড় দেখলেই তো বেশ বোঝা যায়।
মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়, থ্রিলার বা ক্রাইম ধারার অনুরাগীরা এর মধ্যেই বেশি পড়েন বলে মনে করেন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন। অপরাধমূলক উপন্যাসই মূলত লেখেন তিনি। ‘থ্রিলারে যে উত্তেজনা থাকে, সেটাই বোধ হয় তরুণদের পছন্দ। আমার পাঠকেরা মূলত তরুণই। আর তাঁদের মধ্যে মেয়েপাঠকই বেশি।’ শুধু বই পড়া নয়, কাহিনি কেমন হওয়া চাই, কী ঘটলে ভালো হয় এ নিয়েও প্রচুর মন্তব্য পান তিনি পাঠকদের কাছ থেকে। তাঁর সৃষ্ট চরিত্র কে এস কে যাতে প্রেম না করে বিয়ে না করে এ জাতীয় অনুরোধও নাকি প্রায়ই শুনতে হয়।