আগুনে দগ্ধ পিতার মৃত্যু
আগুনে দগ্ধ হয়ে আক্কাস আলী (৬০) নামের এক ব্যক্তি আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।
হাসপাতালে এক স্বজন দাবি করেন, গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় বখাটে ছেলের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন আক্কাস।
আক্কাসের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের ফিরোজ আলী গ্রামে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে আক্কাসের আত্মীয় আবুল হোসেন দাবি করেন, কয়েক মাস ধরে আক্কাসের ছোট ছেলে দিদারুল (২২) তাঁর বাবার কাছে টাকা দাবি করে আসছিলেন। দিদারুল বেকার ও বখাটে। গতকাল তাঁর বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। ক্ষুব্ধ হয়ে রাতে ঘুমন্ত বাবার ঘরে দাহ্য-পদার্থ দিয়ে আগুন দেন দিদারুল।
আবুল হোসেন বলেন, দগ্ধ আক্কাসকে রাতেই গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। সকাল সাতটার দিকে মারা যান তিনি।
ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে আক্কাসের পরিবারের অন্যান্য সদস্য ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।