রহস্যজনক আগুনে পাটগুদাম, বসতঘর পুড়ে ছাই
নীলফামারীর জলঢাকায় আগুন লেগে পাটগুদাম, গুদাম-সংলগ্ন বসতঘর ও মুদি দোকান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন শেখ বলেন, রাতে মনে হয়েছিল বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিভিন্নজনের সঙ্গ কথা বলে এটিকে রহস্যজনক অগ্নিকাণ্ড বলে মনে হচ্ছ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার কদমতলী গ্রামের রওশন আলীর পাটগুদামে আগুন লাগে। এ সময় ওই গুদামের পাশে থাকা এন্তাজুল ইসলামের বাড়ির তিনটি ঘর ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়।
পাটগুদামের মালিক রওশন আলীর ছেলে আবদুর রহিম বলেন, ওই গুদামে রাখা পাটের বিপরীতে তাঁদের ব্যাংকঋণ ও প্রায় ২৫ লাখ টাকার বিমা করা আছে। অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত এন্তাজুল ইসলাম অভিযোগ করেন, ওই পাটগুদামের মালিকের কাছে বিপুল অঙ্কের টাকা পান। গতকাল শুক্রবার কয়েকজন পাওনাদারকে টাকা দেওয়ার কথা ছিল।