রহস্যজনক মৃত্যু চিকিৎসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক চিকিৎসকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে খোরশেদ আলম (৪১) নামের ওই চিকিৎসককে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বরের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম মারা যান। তিনি ওই হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
এ ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন চিকিৎসকের স্বজনেরা। পুলিশ বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, খোরশেদ আলম সপরিবারে উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরীব-ই নেওয়াজ অ্যাভিনিউয়ে থাকতেন। গত শনিবার বিকেলে ওই বাসা থেকে খোরশেদ আলমকে অজ্ঞান অবস্থায় তাঁর স্ত্রী লুবনা শারমিন উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁর কর্মস্থলে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মর্গ সূত্র জানায়, খোরশেদ আলমের ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
খোরশেদের স্ত্রী লুবনা শারমিনও চিকিৎসক। তিনি পুলিশকে বলেছেন, গত শুক্রবার পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরদিন বিকেলে খোরশেদ বাঁ হাতে ক্যানোলা লাগিয়ে বাসায় ফেরেন। সবার অগোচরে ওই ক্যানোলা দিয়ে তিনি চেতনানাশক ইনজেকশন নেন। এরপর শোবার ঘরে গিয়ে লুবনা তাঁর স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া পাননি।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের করা সুরতহাল প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক খোরশেদ আলমের বাঁ হাতের ওপরের অংশে ক্যানোলা লাগানোর সুচের দাগ আছে।
যোগাযোগ করা হলে গতকাল বিকেলে এসআই মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তবে চিকিৎসকের ভগ্নিপতি মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে তাঁর কাছে মনে হচ্ছে না। ছোট ছোট তিনটি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেও তাঁর আত্মহত্যা করার কথা নয়। তাঁর বড় ছেলের বয়স ১০ বছর। পারিবারিক জীবনে খোরশেদ স্ত্রী নিয়ে সুখী ছিলেন না। কেউ তাঁকে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করে মেরেছে কি না, তা নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।
কামাল হোসেন আরও বলেন, টাঙ্গাইল সদর উপজেলার আলিফাকান্দায় গ্রামের বাড়িতে খোরশেদের লাশ দাফন করা হবে।
খোরশেদের বাবা হারেজ আলী পক্ষাঘাতগ্রস্ত। এক ভাই এক বোনের মধ্যে খোরশেদ ছোট ছিলেন।