রহস্যজনকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঘায় ভিক্ষুক দম্পতির মৃত্যু
রাজশাহীর বাঘায় দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক আবুল কালামকে (৫৫) তাঁর স্ত্রী আরিফা বেগম (৫০) সারা দিন একটি হুইলচেয়ারে বসিয়ে পথে পথে ভিক্ষা করে বেড়াতেন। গত সোমবার দিবাগত রাতে তাঁদের বসতভিটায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনেই মারা গেছেন। বাবা-মাকে বাঁচাতে গিয়ে তাঁদের দুই মেয়েও আহত হন। কিন্তু উঠানে বিদ্যুতের তার এল কীভাবে তা কেউ বলতে পারছে না।
এই ভিক্ষুক পরিবারের বাড়ি বাঘা পৌর এলাকার মশিদপুর মহল্লায়। তাঁদের বড় মেয়ে রুমা (২২) ও ছোট মেয়ে মৌসুমী (২০)। দুজনেই বিবাহিত। তাঁরা বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রতিবেশী ফরিদ উদ্দিন বলেন, রাতে আবুল কালামের বাড়ির ভেতর থেকে চিৎকার শোনা যায়। তাঁরা দৌড়ে এসে দেখেন ভিক্ষুক পরিবারের চার সদস্য চার জায়গায় পড়ে আছেন। পরে তাঁরা খেয়াল করে দেখেন তাঁরা সবাই চিকন বিদ্যুতের তারে জড়িয়ে আছেন। ঘরের বাইরের একটি হোল্ডার থেকে তার এনে উঠানে কুলাবাঁধা চিকন তারের সঙ্গে জোড়া দেওয়া হয়েছে।
বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, ভিক্ষুক পরিবারটির উঠানে রহস্যজনকভাবে তার ছড়ানো ছিল। এ জন্য তিনি তারগুলো জব্দ করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।