কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের গুলিতে আহত রহিমা বেগম গতকাল সোমবার পর্যন্ত সংজ্ঞাহীন ছিলেন। এদিকে ঘটনা তদন্তে গঠিত র্যাবের দুটি তদন্ত দল গতকাল থেকে কাজ শুরু করেছে।জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করার পর দুই দিন পেরিয়ে গেলেও রহিমা বেগম এখনো অচেতন। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর বাহালুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, রহিমার অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। পুরোপুরি সংজ্ঞা না ফিরলেও শরীরে অনুভূতি এসেছে।’ঘটনা তদন্তে গত রোববার র্যাবের প্রধান কার্যালয় থেকে একটি এবং র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প থেকে অপর একটি কমিটি গঠন করা হয়। উভয় কমিটি গতকাল সোমবার তদন্ত শুরু করেছে। দুই কমিটির সদস্যরাই গতকাল ঘটনাস্থল ভৈরব পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার আলম মিয়ার বাড়ি পরিদর্শন করেন।র্যাব প্রধান কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান উইং কমান্ডার জাকির হাসান প্রথম আলোকে বলেন, তদন্তের প্রথম দিনে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এদের বেশির ভাগই ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী।র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের গঠিত তদন্ত কমিটির প্রধান স্কোয়াড্রন লিডার আরমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের তদন্তে সাক্ষ্যদানকারীরা বলেছেন রহিমা মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে।’অপর দিকে রহিমা বেগমের গুলিবিদ্ধ হওয়ার কারণ অনুসন্ধানে নেমেছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভৈরব শাখা। ভৈরব শাখার সাধারণ সম্পাদক আবদুস সবুরের নেতৃত্বে তাদের একটি তদন্ত দল গত রোববার সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করে।গত শুক্রবার বিকেলে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সদস্যরা সাদা পোশাকে ভৈরব পৌর শহরের পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় র্যাবের গুলিতে আহত হন রহিমা।