রহিমাপুরে এখনো গ্রেপ্তার আতঙ্ক, মানুষ ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামে অভিযানের নামে পুলিশ তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বিচারে পিটিয়ে আহত করা হয়েছে প্রসূতিসহ গ্রামের বয়স্ক মানুষদের। অভিযানের নামে বাড়িঘরে ঢুকে আসবাব ভাঙচুর, এমনকি টাকা লুটেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রেপ্তার-আতঙ্কে গ্রামের পাঁচ শতাধিক মানুষ এখনো ঘরছাড়া। দিনের বেলায় বাড়ির আশপাশে কেউ কেউ সতর্কভাবে অবস্থান করলেও রাতে কেউই বাড়িতে থাকছেন না। জানা গেছে, জমিজমাসংক্রান্ত মামলার আসামি মো. গোলাম রব্বানীকে (৩৫) গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে তারাগঞ্জ থানার পুলিশ ওই গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। তাঁকে পিটুনি দিয়ে এবং টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করলে ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকে ছিনিয়ে নেন। ওই দিন সন্ধ্যায় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত পুলিশ নিয়ে ওই গ্রামে ঢুকে নারীসহ সাধারণ মানুষকে বেধড়ক মারপিট করে। গ্রেপ্তার করে নয়জনকে। পরে তাঁরা জামিনে মুক্তি পান। গত সোমবার সকালে সরেজমিনে গেলে মোটরসাইকেল ঢুকতে দেখে আশপাশে খেতখামারে থাকা কয়েকজন নারী-পুরুষ দৌড়ে পালান। ‘পুলিশ নই’ বলে তাঁদের আশ্বস্ত করা হয়। এরপর ১০-১২ জন নারী-পুরুষ গ্রামে ফিরে আসেন। ব্যবসায়ী আনিছুল হকের অভিযোগ, পুলিশ ওই দিন গ্রামের ঘরে ঘরে ঢুকে যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে। পুলিশ অভিযানের নামে ঘরে ঢুকে গ্রামের সালেহা বেগমের ছয় হাজার টাকা এবং জালাল উদ্দিনের সাত হাজার টাকা নিয়ে গেছে বলে তাঁরা অভিযোগ করেন। জামিনে মুক্ত গৃহবধূ ববিতা বেগম বলেন, ‘ওই দিন (২৫ ফেব্রুয়ারি) বাইরোত পুলিশের সঙ্গে কার কী হইচে তাক মুই জানো না। সানজোত (সন্ধায়) ঘরোত বসি ছইলটাক বুকের দুধ খিলাওচো এমন সমায় পুলিশ ঘরোত ঢুকিয়ায় মোক নাটি দিয়া ডাংবার ধরচে। ওরা (পুলিশ) জোর করি মোর দেড় বছরের ছইলটাক সুদ্দা (সহ) গাড়িত তুলি নিয়া গেইচে। ছয়দিন জেল খাটার পর ছাড়া পাছি।’ কান্না থামিয়ে বলেন, ‘সাত দিন থাকি স্বামীর দ্যাকা পাও নাই। তায় পুলিশের ভয়োত কোনটে আছে আল্লায় জানে।’ জানা যায়, রব্বানী রহিমাপুর গ্রামে সমতা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংস্থার সদস্যরা এলাকার অনিয়ম ও অসামাজিক কাজের প্রতিবাদসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজ সমিঞ্চলিতভাবে করে আসছেন। এতে ঈর্ষান্বিত হন স্থানীয় জনপ্রতিনিধিরাসহ কতিপয় ব্যক্তি। উপজেলার হাড়িয়ারকুঠি নারায়ণজন নদীরপাড় গ্রামের দুই ভাই ছায়ের উদ্দিন ও খয়ের উদ্দিনের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছে। ওই জমিসংক্রান্ত বিরোধে এ নিয়ে সালিসে ১১ ফেব্রুয়ারি রব্বানী উপস্থিত ছিলেন। এতেই তাঁকে মামলায় আসামি করা হয়। জানতে চাইলে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশের হাত থেকে বাঁচতে এখন গ্রামবাসী মিথ্যা কথা বলে আপনাদের বিভ্রান্ত করছে। পুলিশ কারও বাড়িতে হামলা, কাউকে মারপিট কিংবা কারও টাকা লুট করেনি।’