রহিমার জ্ঞান ফেরেনি র্যাবের দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গত শুক্রবার মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় র্যাবের সাঙ্গে ‘ধস্তাধস্তি’র ঘটনায় ভৈরব থানায় দুটি মামলা হয়েছে। র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের উপপরিদর্শক মোফাখ্খারুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় মামলা দুটি করেন। থানা সূত্র জানায়, মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দেশের বাইরে থেকে আমদানি নিষিদ্ধ পণ্য আনা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। উভয় মামলায় আসামি করা হয়েছে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার হিরু মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), উত্তর পুকুরপাড় এলাকার ধন মিয়ার স্ত্রী গুলিবিদ্ধ রহিমা বেগম (৪০) ও মৃত উমর আলীর ছেলে আলম মিয়াকে (৩২)। অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার দিন র্যাবের হাতে আটক ফারুক মিয়াকে ওই দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে করাগারে পাঠান। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব পৌর শহরের পুকুরপাড়ে রহিমার বাড়িতে অবস্থান করে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁদের অনেকই জানান, রহিমা বেগম মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে কেউ কেউ বলেন, রহিমা এখন মাদক ব্যবসা করেন না। আগে করতেন। মাদকপল্লি হিসেবে পরিচিত পুকুরপাড়ে র্যাবের অভিযানকে স্বাগত জানালেও রহিমার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করাকে মানবতাবিরোধী বলে উল্লেখ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘এ কথা সত্য, পুকুরপাড়ের নিয়ন্ত্রণ মাদক ব্যবসায়ীদের হাতে। পুকুরপাড়কে মাদকমুক্ত করতে হলে র্যাবের বিশেষ অভিযান দরকার আছে। তবে একটি ভালো কাজ করতে গিয়ে প্রকাশ্যে কাউকে গুলি করা কোনো সময় কাম্য হতে পারে না।’র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর মেজর বাহালুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে র্যাবের নিয়ন্ত্রণে রহিমার চিকিৎসা চলছে। তাঁকে আইসিসিইউতে রাখা হয়েছে। তিনি হাত পা নাড়তে পারছেন। তবে এখনো জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, জ্ঞান ফিরলে অস্ত্রোপচার করা হবে। গুলিটি শরীরের ভেতরে নেই। বের হয়ে গেছে।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, র্যাবের করা মামলায় অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তবে রহিমা বেগমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।