রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন ছয় কৃতী নারী

দেশে এমন দিন আসুক, যখন আলাদা করে নারী দিবস পালন করতে হবে না। প্রতিটি দিন হবে নারী-পুরুষ-প্রতিবন্ধী সবার জন্য সমান। সবাই মানুষ হিসেবে সম্মান পাবে। লৈঙ্গিক পরিচয় কারও এগিয়ে চলার পক্ষে বাধা সৃষ্টি করতে পারবে না।
গতকাল শুক্রবার রাজধানীর এক হোটেলে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এ প্রত্যাশার কথা বলেন। অনুষ্ঠানে ২০১২ ও ২০১৩ সালের জন্য ছয় কীর্তিমতী নারীকে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
সাংবাদিকতার জন্য ২০১২ সালে চট্টগ্রামের হাজেরা শিউলী ও ২০১৩ সালের জন্য কুমিল্লার ইয়াসমিন রিমা পুরস্কার পেয়েছেন। হরিজন সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য রংপুরের ইরা হক ও প্রতিবন্ধীদের উন্নয়নে অবদান রাখায় কিশোরগঞ্জের ফরমোজা মোমতাজ পেয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০১২ ও ২০১৩ পুরস্কার। ২০১২ ও ২০১৩ সালের জন্য কীর্তিমতী উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন কুমিল্লার পাপড়ি বসু ও ময়মনসিংহের তাহমিনা খানম।
কীর্তিমতীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন এ্যারোমা দত্ত, ডেইলি স্টার পত্রিকার আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট পাতার সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক, দেশ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান রোকেয়া কাদের।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র। বিশেষ অতিথির বক্তব্য দেন বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক এ্যারোমা দত্ত।